

কলাপাড়া (পটুয়াখালী) প্রতিনিধি: পটুয়াখালীর কুয়াকাটা মাছ বাজারে আবার বিক্রি হলো ২৪ কেজি ওজনের কোরাল মাছ। মাছটি ৩৬ হাজার টাকায় কেনেন মো. বশির গাজী। গতকাল মঙ্গলবার (১৯ আগস্ট) সকালে মাছটি কুয়াকাটা মাছ বাজারে বিক্রি হয়।
কুয়াকাটা মাছ ব্যবসায়ীরা জানান, এর আগে গত রোববার কুয়াকাটা সংলগ্ন বঙ্গোপসাগরের লেম্বুর বন তিন মোহনা এলাকা থেকে ২৩ কেজি ওজনের একটি কোরাল ধরেন আল-আমিন মাঝি। যা ৩৪ হাজার টাকায় বিক্রি হয়।
মো. বশির গাজী জানান, ‘মূলত বড় মাছের চাহিদা কুয়াকাটায় বেশি। তাই উপকূলীয় এলাকার বড় মাছ বাজার থেকে এগুলো সংগ্রহ করি। গতকাল সুন্দরবন থেকে এ মাছটি আমি সংগ্রহ করেছি। মাছটি বাজারে নিয়ে গেলে চাহিদা থাকায় আবার বিক্রি করে দিয়েছি। ঢাকা থেকে আসা এক পর্যটকের কাছে ১ হাজার ৫২০ টাকা কেজি দরে মাছটি বিক্রি করেছি।’
কলাপাড়া উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা অপু সাহা বলেন, ‘এটি অবরোধের ফসল। ৫৮ দিনের নিষেধাজ্ঞা শেষে জেলেরা সমুদ্রে মাছ শিকার করতে নেমেছেন। এখন জেলেদের জালে বড় বড় মাছ ধরা পড়বে। জেলেরা সঠিকভাবে নিষেধাজ্ঞা পালন করেছেন বিধায় বড় মাছ পাচ্ছে। সামনের দিনগুলোতে তাদের জালে বিপুল সংখ্যক মাছ ধরা পড়বে। শুধু কোরাল নয়, ইলিশসহ সামুদ্রিক অন্যান্য সব ধরনের মাছ জেলেদের জালে ধরা পড়বে বলে আমি আশাবাদী।’

