

চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি: গত ২৪ ঘন্টায় পদ্মা নদীর পানি ১ সেন্টিমিটার কমলেও চাঁপাইনবাবগঞ্জের সার্বিক বন্যা পরিস্থিতির তেমন পরিবর্তন হয়নি।
চাঁপাইনবাবগঞ্জ পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী এসএম আহসান হাবীব জানান, বৃহস্পতিবার (১৪ আগস্ট) বিকেল ৬টা থেকে শুক্রবার (১৫ আগস্ট) সকাল ৯টা পর্যন্ত পদ্মার পানি ১ সেন্টিমিটার কমেছে। বর্তমানে চাঁপাইনবাবগঞ্জে পদ্মা নদীর পানির সমতল দাঁড়িয়েছে ২১ দশমিক ৭২ মিটার, যা বিপদসীমার ৩৩ সেন্টিমিটার নিচে।
এর আগে সাত দিন টানা পানি বাড়ার ফলে চাঁপাইনবাবগঞ্জ সদর ও শিবগঞ্জ উপজেলার পদ্মা নদী তীরবর্তী নিম্নাঞ্চল প্লাবিত হয়। এতে ১৫ হাজারের বেশি পরিবার পানিবন্দি হয়ে পড়ে এবং প্রায় ২ হাজার হেক্টর ফসলি জমি পানির নিচে তলিয়ে যায়।

তিনি আরো বলেন, পদ্মায় পানি কমতে শুরু করায় প্লাবিত এলাকাগুলো থেকে দ্রুত পানি নেমে যাবে।
তবে, বন্যা উপদ্রুত এলাকাগুলোতে এখনো শুকনো খাবার, বিশুদ্ধ পানি ও ওষুধ এবং গো-খাদ্যের তীব্র সংকট বিরাজ করছে। বিশেষ করে পদ্মা তীরবর্তী চরাঞ্চলের মানুষ মানবিক সংকটের মধ্য দিয়ে সময় পার করছেন।
শিবগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা আজাহার আলী জানান, ক্ষতিগ্রস্তদের তালিকা প্রস্তুত করা হচ্ছে। খুব শিগগিরই তাদের খাবার, ওষুধ এবং বাসস্থানের ব্যবস্থা করা হবে। পাশাপাশি তিনি সমাজের বিত্তবান ব্যক্তি ও সামাজিক সংগঠনগুলোকেও দুর্গতদের পাশে দাঁড়ানোর আহ্বান জানান।

