

সাইমুন ইসলাম, নারায়ণগঞ্জ প্রতিনিধি: নারায়ণগঞ্জ সিটি করপোরেশনের জিমখানা লেকের পানিতে ডুবে দুই শিশুর মৃত্যুর ঘটনা ঘটেছে।
শুক্রবার (১৭ এপ্রিল) দিবাগত রাতে উদ্ধার কর্মীরা লেকের পানিতে তল্লাশি চালিয়ে নিখোঁজ ২ ভাইয়ের মরদেহ উদ্ধার করে নগরীর ভিক্টোরিয়া জেনারেল হাসপাতালের মর্গে প্রেরণ করে।
নিহত দুই শিশুর নাম, আলামিন (৭) ও ইব্রাহিম (৫), পিতা শাহ আলম, তারা সম্পর্কে আপন ভাই। সদর উপজেলার ফতুল্লার কাশীপুর খিলমার্কেট এলাকায় একটি ভাড়া বাসায় বসবাস করতেন তার পরিবার। গ্রামের বাড়ি সিরাজগঞ্জের চৌহালী গ্রামে।
স্থানীয় সূত্রে জানা গেছে, শুক্রবার বিকেলে কোনো এক সময় শহরের জিমখানায় লেকের পানিতে গোসল করতে নেমে হঠাৎ করে নিখোঁজ হয় দুই ভাই, পরে বহু খোঁজাখুঁজির পর তাদের সন্ধান না পেয়ে, বিষয়টি জানানো হয় স্থানীয় উদ্ধারকারী দলকে। উদ্ধারকারী দল বিকেল থেকে রাত পর্যন্ত পুরো লেকে তল্লাশি চালিয়ে সন্ধ্যার দিকে জিমখানা লেকের তলদেশ থেকে দুই শিশুর নিথর মরদেহ উদ্ধার করে।
প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, লেকের পানিতে গোসল করতে নেমে পানিতে ডুবে দুই সহোদর (ভাই) শিশুর মৃত্যু হয়েছে।

