

শ্রীপুর (গাজীপুর) প্রতিনিধি: গাজীপুরের শ্রীপুরে শীতলক্ষ্যা নদীতে গোসল করতে নেমে পানিতে ডুবে সুবর্ণা আক্তার (১৪) নামে এক কিশোরীর মৃত্যু হয়েছে। এ ঘটনায় মীম আক্তার নামে অপর এক কিশোরী নিখোঁজ রয়েছে। নিখোঁজ হওয়া মীম আক্তারকে উদ্ধারে অভিযান চালাচ্ছে শ্রীপুর ফায়ার সার্ভিসের একটি ডুবুরি দল।
শুক্রবার দুপুরে উপজেলার গোসিংগা ইউনিয়নের খোঁজেখানি এলাকায় বানার নদীতে এ ঘটনা ঘটে। নিহত সুবর্ণা আক্তার খোঁজেখানি গ্রামের শ্যামল মোড়লের মেয়ে। নিখোঁজ মীম আক্তার একই এলাকার মিলন মিয়ার মেয়ে।
বিষয়টি নিশ্চিত করেছেন শ্রীপুর ফায়ার সার্ভিসের পরিদর্শক নুরুল করিম। তিনি জানান, দুপুরে স্থানীয় কয়েকজনের সঙ্গে মীম ও সুবর্ণা গোসল করতে নদীতে নামে। একপর্যায়ে অসাবধানতাবশত তারা পানিতে তলিয়ে যায়। স্থানীয়দের মাধ্যমে খবর পেয়ে ফায়ার সার্ভিস ঘটনাস্থলে পৌঁছে উদ্ধার অভিযান চালায় এবং সুবর্ণা আক্তারের লাশ উদ্ধার করে। নিখোঁজ মীম আক্তারকে উদ্ধারে অভিযান অব্যাহত রয়েছে।

