

মানিক ভূঁইয়া, নোয়াখালী প্রতিনিধি: নোয়াখালীর হাতিয়া উপজেলা থেকে সন্ধীপ উপজেলা আওয়ামী লীগের সভাপতি আলাউদ্দিন বেদনকে ককটেলসহ গ্রেপ্তার করেছে পুলিশ।
বৃহস্পতিবার (৩১ জুলাই) উপজেলার বুড়িরচর ইউনিয়নের ৭ নম্বর ওয়ার্ডের জোড়খালী গ্রাম থেকে তাকে গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তারকৃত আলাউদ্দিন বেদন চট্রগ্রামের সন্ধীপ পৌরসভার ৩ নম্বর ওয়ার্ড হরিষপুর গ্রামের মৃত আবুল কাশেমের ছেলে। তিনি দীর্ঘদিন ধরে সন্ধীপ উপজেলা আওয়ামী লীগের সভাপতির দায়িত্বে রয়েছেন। এ সময় ১০ ককটেলসহ উদ্ধার করে পুলিশ।
পুলিশ ও স্থানীয় সূত্র জানায়, গত ৫ আগস্ট আওয়ামী সরকার পতনের পর থেকে আলাউদ্দিন বেদন দীর্ঘদিন শ্বশুর বাড়িতে আত্মগোপনে রয়েছে। বৃহস্পতিবার সকালে এমন সংবাদের ভিত্তিতে উপজেলার বুড়িরচর ইউনিয়নের জোড়খালী গ্রামে অভিযান চালায় পুলিশ। ওই সময় জোড়খালী গ্রামের কালাম হাজীর বাড়ি থেকে বেদনকে ১০টি ককটেলসহ তাকে আটক করে পুলিশ।
স্থানীয়রা জানায়, পুলিশের উপস্থিতি টের পেয়ে তার সাথে থাকা সন্দীপের আরো ৫/৭ জন সহযোগী পালিয়ে যায়। বেদন বুড়িরচর ইউনিয়নের ৭ নম্বর ওয়ার্ডের জোড়খালী গ্রামের নুরুল ইসলামের মেয়ে জামাই।
যোগাযোগ করা হলে হাতিয়া থানার কর্মকর্তা (ওসি) এ কে এম আজমল হুদা ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, আ.লীগ নেতা বেদনকে ১০টা ককটেলসহ আটক করা হয়। এ ঘটনায় বিস্ফোরক আইনে মামলা নেওয়া হচ্ছে। ওই মামলায় তাকে গ্রেপ্তার দেখিয়ে নোয়াখালী চীফ জুডিসিয়াল ম্যাজিস্টেট আদালতে সোপর্দ করা হবে।

