

রাঙামাটি প্রতিনিধি: কাপ্তাই হ্রদে পানি বেড়ে যাওয়ায় রাঙামাটির ঝুলন্ত সেতুর পাটাতন ডুবে গেছে। এক জরুরী বিজ্ঞপ্তির মাধ্যমে এ ব্রীজে না উঠার জন্য অনুরোধ করেছেন কর্তৃপক্ষ।
বুধবার (৩০ জুলাই) বিষয়টি নিশ্চিত করেছেন পর্যটন হলিডে কমপ্লেক্স রাঙামাটির ব্যবস্থাপক আলোক বিকাশ চাকমা।
এ বিষয়ে পর্যটন হলিডে কমপ্লেক্স, রাঙামাটির ব্যবস্থাপক অনুরোধক্রমে এক জরুরী বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয় যে, লেকের পানিতে ঝুলন্ত ব্রীজ নিমজ্জিত হওয়ায় সকল সম্মানিত দর্শনার্থীদের ব্রীজে না উঠার জন্য এবং লেকের পানিতে নামা হতে বিরত থাকার জন্য বিশেষভাবে অনুরোধ করেছেন কর্তৃপক্ষ।
পর্যটন হলিডে কমপ্লেক্স রাঙামাটির ব্যবস্থাপক আলোক বিকাশ চাকমা জানান, রাঙামাটিতে কয়েক দিনের বৃষ্টি ও উজান থেকে নেমে আসা পাহাড়ি ঢলের কারণে কাপ্তাই হ্রদে পানি বেড়ে যাওয়ায় রাঙামাটির ঝুলন্ত সেতু ডুবে গেছে। দর্শনার্থীদের এ ব্রীজে না উঠার জন্য এক জরুরী বিজ্ঞপ্তি দেওয়া হয়েছে।
তিনি আরও জানান, কাপ্তাই লেকে পানি কমে গেলে এ সেতুটি মেরামত করে পুনরায় ভ্রমণের জন্য উন্মুক্ত করা হবে। নতুন করে একটি আধুনিক ঝুলন্ত সেতু নির্মাণের জন্য কর্তৃপক্ষকে জানানো হয়েছে।
উল্লেখ্য, ১৯৮৬ সালে ৩৩৫ ফুট দীর্ঘ রাঙামাটির ঝুলন্ত সেতুটি নির্মাণ করা হয়।

