

মতলব উত্তর (চাঁদপুর) প্রতিনিধি: চাঁদপুরের মতলব উত্তর উপজেলায় চাচার হাতে ভাতিজা খুনের ঘটনা ঘটেছে। আজ বুধবার সকাল সাড়ে ৭ ঘটিকায় উপজেলার ব্রাহ্মনচক গ্রামে এ ঘটনা ঘটে। নিহত মাইনুদ্দিন ওই গ্রামের রুহুল আমিন সরকারের ছেলে।
মতলব উত্তর থানার ওসি মোঃ রবিউল হক বলেন, ঘটনার পর গুরুতর আহত মাইনুদ্দিনকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হলে ডাক্তার মৃত ঘোষণা করেন। পরে মৃতদেহ পুলিশ হেফাজতে নেওয়া হয়েছে।
ওসি আরও বলেন, প্রাথমিকভাবে জানতে পারি চাচা ফারুক তার স্ত্রীর নামে এনজিও থেকে এক লাখ টাকা লোন করে ৫০ হাজার টাকা ভাতিজা মাইনুদ্দিনকে দেয়। পরবর্তীতে কিস্তির টাকা ফারুক তার কাছে দিতে বলে। কিন্তু ভাতিজা ও তার স্ত্রী নিজেরাই কিস্তি পরিশোধ করে। এ নিয়ে বুধবার সকালে বাড়ির সামনে পাকা রাস্তার পাশে মাঁচায় বসে চাচা-ভাতিজার মধ্যে কথা কাটাকাটির এক পর্যায়ে কিল ঘুষি লাথি মারলে গুরুতর আহত হয়ে মারা যান। এ ঘটনায় ভিকটিম পরিবার অভিযোগ দিলে হত্যা মামলা দায়ের করা হবে এবং ফারুকের স্ত্রী মাফিয়া বেগমকে জিজ্ঞাসাবাদের জন্য আটক করা হয়েছে।
নিহত মাইনুদ্দিনের স্ত্রী মানছুরা বলেন, আমার ৫০ হাজার টাকা কিস্তির ১৪ হাজার টাকা বাকি ছিল। ওই টাকা পরিশোধ করে ফেলেছি। কিন্তু ওই টাকা কেন আমার চাচা শ্বশুরের হাতে দিলাম না, তাই আমার স্বামীকে ফারুক ও তার ছেলে ফয়সাল মিলে অনেক মারপিট করতে করতে খুন করে ফেলেছে। আমি আমার স্বামী খুনের বিচার চাই।
ঘটনার পর চাঁদপুর জেলা পুলিশ সুপার ঘটনাস্থল পরিদর্শন করেন। ঘটনার পর থেকে পলাতক চাচাকে গ্রেফতারে পুলিশের টিম কাজ করছে বলেও জানান ওসি।

