

কক্সবাজার প্রতিনিধি: উখিয়ার বালুখালী ১৭ নম্বর রোহিঙ্গা ক্যাম্পে মা ও মেয়েকে অজ্ঞান করে সংঘবদ্ধ ধর্ষণের অভিযোগে দুই রোহিঙ্গা নাগরিককে আটক করেছে ১৪ আর্মড পুলিশ ব্যাটালিয়ন (এপিবিএন)।
আজ মঙ্গলবার (২২ জুলাই) সকাল সাড়ে ১০টার দিকে ক্যাম্পের ব্লক-বি এলাকা থেকে অভিযুক্তদের আটক করা হয়। তারা হলেন—সৈয়দ হোসেনের ছেলে হাবিব উল্লাহ (৫০) এবং মো. হোসেনের ছেলে মো. হাবিব উল্লাহ (১৯)।
১৪ এপিবিএন সূত্র জানায়, গেল ১৭ জুলাই সকালে অভিযুক্তরা মা-মেয়েকে কৌশলে ডেকে নিয়ে ঘরে জুসের সঙ্গে ঘুমের ওষুধ মিশিয়ে অজ্ঞান করে। পরে তাদের উপর পালাক্রমে যৌন নির্যাতন চালানো হয়। পরদিন সকালে স্থানীয়রা অচেতন ও অর্ধনগ্ন অবস্থায় মা-মেয়েকে উদ্ধার করে এমএসএফ হাসপাতালে ভর্তি করেন। পরে ক্যাম্পজুড়ে ব্যাপক চাঞ্চল্য ছড়িয়ে পড়লে ১৪ এপিবিএনের গোয়েন্দা টিম অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করে।
এ বিষয়ে ১৪ এপিবিএন অধিনায়ক (অতিরিক্ত ডিআইজি) মোহাম্মদ সিরাজ আমীন বলেন, জঘন্য এই ঘটনার পরপরই আমরা গোয়েন্দা তৎপরতা চালিয়ে অভিযুক্তদের আটক করেছি। ক্যাম্পে নারী ও শিশু নির্যাতনের বিরুদ্ধে আমরা কঠোর অবস্থানে আছি। আটকদের বিরুদ্ধে আইনানুগ প্রক্রিয়া শেষে উখিয়া থানায় মামলা রুজু করা হচ্ছে বলে জানান তিনি।

