

চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি: চাঁপাইনবাবগঞ্জের গোমস্তাপুরে জমি নিয়ে দুপক্ষের সংঘর্ষে ৫ জন মহিলাসহ ৩০ জন আহত হয়েছে। আজ বৃহস্পতিবার সকালে উপজেলার রহনপুর ইউনিয়নের মিরাপুর গ্রামে এ সংঘর্ষের ঘটনা ঘটে।
স্থানীয়রা জানান, রহনপুর পৌর এলাকার পুরাতন বাজারের মৃত আজহারউদ্দীন টুনু মিয়ার সাথে ওই গ্রামবাসীর জমি নিয়ে বিরোধ ছিল। যা নিয়ে আদালতে মামলা চলমান। সম্প্রতি টুনু মিয়ার ওয়ারিশগণ আদালত থেকে তাদের পক্ষে রায় পান। বৃহস্পতিবার সকালে তার ছেলে রহনপুর পৌরসভার ৩ নং ওয়ার্ডের সাবেক কাউন্সিলর মানিক কিছু ভাড়াটে সন্ত্রাসী নিয়ে ওই জমি দখল করতে গেলে গ্রামবাসী বাঁধা দেয়। এর এক পর্যায়ে উভয়পক্ষ সংঘর্ষে জড়িয়ে পড়ে। এতে উভয়পক্ষের ৩০ জন আহত হয়।
এদিকে হামলায় আহত গ্রামবাসীরা হাসপাতালে চিকিৎসা নিতে এলে তাদের উপর হামলা চালায় সন্ত্রাসীরা। এসময় পুলিশ ৭ জন সন্ত্রাসীকে হাসপাতাল চত্বর থেকে আটক করে থানায় নিয়ে যায়।
এ বিষয়ে জানতে রহনপুর পৌরসভার সাবেক কাউন্সিলর মানিকের মুঠোফোনে একাধিকবার যোগাযোগ করা হলেও তিনি ফোন রিসিভ করেননি।
সংঘর্ষে আহতদের বিষয়ে গোমস্তাপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আবাসিক চিকিৎসক শহিদুল ইসলাম জানান, মারামারির ঘটনায় মোট ২৬ জন হাসপাতালে চিকিৎসা নিয়েছে। এরমধ্যে ৬ জনকে উন্নত চিকিৎসার জন্য রামেক হাসপাতালে স্থানান্তর করা হয়েছে। বর্তমানে হাসপাতালে ৫ জন চিকিৎসাধীন রয়েছে। অন্যদের প্রাথমিক চিকিৎসার পর ছেড়ে দেয়া হয়েছে।
এ বিষয়ে গোমস্তাপুর থানার ডিউটি অফিসার এএসআই নুরুল ইসলাম জানান, আটককৃতদের জেলহাজতে পাঠানো হয়েছে। তবে থানায় এখনো কোন পক্ষ অভিযোগ করেনি।

