

হুমায়ুন কবীর রিন্টু, নড়াইল প্রতিনিধি: নড়াইলের লোহাগড়া উপজেলার বয়রা গ্রামে মাদকাসক্ত ছেলের বটির কোপে কৃষক বাবা আফসার শেখ (৬০) নিহত হয়েছেন। এ হত্যাকাণ্ডের পর ছেলে খায়রুল শেখ (২৪) পালিয়ে গেছে। বৃহস্পতিবার (৫ নভেম্বর) দুপুরের দিকে খায়রুল নিজেদের বাড়িতে এ ঘটনা ঘটায়।
পুলিশ, নিহতের পরিবার ও প্রতিবেশীরা জানান, মাদকাসক্ত খায়রুল নেশার টাকার জন্য প্রায়ই বাবা-মায়ের সাথে ঝগড়া করত। বিভিন্ন ধরণের জিনিসপত্র ভাঙচুর করত। একইভাবে বৃহস্পতিবার দুপুরে বাবা আফসার শেখের সাথে বাকবিতন্ডায় জড়িয়ে পড়ে খায়রুল। একপর্যায়ে বটি দিয়ে বাবার হাত, বুক, পেট ও মাথায় কুপিয়ে বাবাকে হত্যা করে। এ সময় খায়রুলের মা ও স্ত্রী ঘটনাস্থলে উপস্থিত ছিলেন। ঘটনার পর খায়রুল পালিয়ে যায়।
লোহাগড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শরিফুল ইসলাম বলেন, ময়নাতদন্তের জন্য মরদেহ নড়াইল জেলা হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। ঘাতক ছেলে খায়রুলকে আটকের চেষ্টা চলছে।

