

মো: নাজমুল হোসেন ইমন, চট্টগ্রাম: চট্টগ্রামের মীরসরাইয়ে মায়ানমারে পাচারের উদ্দেশ্যে নেওয়ার সময় ৯৬০ বস্তা ইউরিয়া সারসহ তিন পাচারকারীকে আটক করেছে কোস্ট গার্ড। এ সময় সার পরিবহনে ব্যবহৃত চারটি ট্রাক ও একটি ফিশিং বোট জব্দ করা হয়।
শুক্রবার (২৫ সেপ্টেম্বর) কোস্ট গার্ডের মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার সাব্বির আলম সুজন বিষয়টি জানান।
তিনি বলেন, শুক্রবার রাত ১টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে মীরসরাই থানার ইছাখালী ঘাটসংলগ্ন এলাকায় অভিযান চালায় কোস্ট গার্ড স্টেশন মীরসরাই। অভিযানকালে মায়ানমারে অবৈধভাবে পাচারের উদ্দেশ্যে ট্রাক থেকে ফিশিং বোটে সার স্থানান্তরের সময় ৯৬০ বস্তা ইউরিয়া সার জব্দ করা হয়।
জব্দ করা সারগুলোর মোট ওজন ৪৮ হাজার কেজি এবং আনুমানিক বাজারমূল্য ৩৩ লাখ ৬০ হাজার টাকা। এ ছাড়া পাচারকাজে ব্যবহৃত চারটি ট্রাক ও একটি ফিশিং বোট জব্দ করা হয়েছে।
আটক তিন পাচারকারী, জব্দ করা সার, ট্রাক ও বোটের বিরুদ্ধে নির্বাহী ম্যাজিস্ট্রেটের উপস্থিতিতে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হয়েছে বলে জানান কোস্ট গার্ডের এই কর্মকর্তা।
তিনি আরও বলেন, চোরাচালান রোধে কোস্ট গার্ডের অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে।

