

বাবুগঞ্জ (বরিশাল) প্রতিনিধি: বরিশালের বাবুগঞ্জে অবসরপ্রাপ্ত এক পুলিশ সদস্যের বাড়িতে গভীর রাতে ডাকাতির ঘটনা ঘটেছে। পরিবারের সদস্যদের অস্ত্রের মুখে জিম্মি করে নগদ টাকা, স্বর্ণালংকারসহ প্রায় ৫ লাখ টাকার মালামাল লুট করে নিয়ে যাওয়ার অভিযোগ উঠেছে। সোমবার (৮ সেপ্টেম্বর) দিবাগত রাত ২টার দিকে উপজেলার দেহেরগতি ইউনিয়নের মধ্য রাকুদিয়া গ্রামে এ ঘটনা ঘটে।
ভুক্তভোগী অবসরপ্রাপ্ত পুলিশ সদস্য সিদ্দিক শরীফ জানান, রাত আনুমানিক ২টার দিকে ৭ থেকে ৮ জনের একটি সশস্ত্র দল তাঁর বাড়িতে প্রবেশ করে। প্রথমে বাড়িতে থাকা সিসি ক্যামেরা উল্টে দিয়ে তারা ঘরের দরজা ভেঙে ভেতরে ঢোকে। এরপর পরিবারের সদস্যদের অস্ত্রের মুখে জিম্মি করে ভয়ভীতি দেখানো হয়।
সিদ্দিক শরীফের অভিযোগ, ডাকাত দলের এক সদস্য তাঁর ছেলে সিহাবের বুকে পিস্তল ঠেকিয়ে রাখে। এ সময় পরিবারের অন্য সদস্যদেরও অস্ত্রের মুখে জিম্মি করে রাখা হয়। পরে ঘরে থাকা নগদ টাকা, স্বর্ণালংকারসহ মূল্যবান মালামাল লুট করে দ্রুত ঘটনাস্থল ত্যাগ করে ডাকাতরা।
অশ্রুসিক্ত কণ্ঠে সিদ্দিক শরীফ বলেন, হঠাৎ দরজা ভেঙে একদল সশস্ত্র ব্যক্তি ঘরে ঢুকে পরিবারের সদস্যদের জিম্মি করায় সবাই আতঙ্কিত হয়ে পড়েন। ডাকাতদের হাতে পিস্তলসহ বিভিন্ন ধরনের দেশীয় অস্ত্র ছিল।
ঘটনার পর জাতীয় জরুরি সেবা ৯৯৯-এ ফোন করা হলে বাবুগঞ্জ থানা পুলিশ তাৎক্ষণিক ঘটনাস্থলে যায়। পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করে ঘটনার বিভিন্ন তথ্য-উপাত্ত সংগ্রহ করেছে।
বাবুগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মিজানুর রহমান হাওলাদার জানান, ৯৯৯-এর মাধ্যমে খবর পেয়ে পুলিশ দ্রুত ঘটনাস্থলে যায়। ডাকাতির ঘটনায় জড়িতদের শনাক্ত ও গ্রেপ্তারে পুলিশ জোরালোভাবে কাজ করছে। ঘটনার সঙ্গে কারা জড়িত এবং কীভাবে তারা বাড়িতে প্রবেশ করেছে, তা উদঘাটনে তদন্ত চলছে।
এদিকে গভীর রাতে বসতবাড়িতে এ ধরনের সশস্ত্র ডাকাতির ঘটনায় মধ্য রাকুদিয়া গ্রামসহ আশপাশের এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়েছে। দ্রুত ডাকাতদের শনাক্ত করে গ্রেপ্তার এবং এলাকায় রাতের নিরাপত্তা জোরদারের দাবি জানিয়েছেন স্থানীয় বাসিন্দারা।

