

নিজস্ব বার্তা পরিবেশক, কক্সবাজার: কক্সবাজারের সীমান্তবর্তী এলাকায় মাইন বিস্ফোরণে রোহিঙ্গা যুবকের মৃত্যু হয়েছে।
কক্সবাজার ব্যাটালিয়ন (৩৪ বিজিবি) সূত্রে জানা যায়, ব্যাটালিয়নের অধীনস্থ রেজুআমতলী বিওপির দায়িত্বপূর্ণ এলাকায় সীমান্ত পিলার-৩৯ থেকে প্রায় ২ কিলোমিটার বাংলাদেশের অভ্যন্তরে শাহআলমের কলাবাগান এলাকায় মঙ্গলবার (৯ জুন) সকাল সাড়ে ৯টার দিকে এ ঘটনা ঘটে।
নিহত ব্যক্তি আঃ খালেক (৩৫) মো. আনুর ছেলে এবং এফডিএমএন ক্যাম্প-১-এর ব্লক-সি-এর বাসিন্দা। কলাবাগানে কাজ করতে যাওয়ার সময় তিনি মাইন বিস্ফোরণের শিকার হন বলে জানা গেছে।
কক্সবাজার ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল এস এম খায়রুল আলম, পিবিজিএম, পিএসসি ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।
তিনি বলেন, সীমান্তবর্তী এলাকাগুলো মাইন বিস্ফোরণের ঝুঁকিপূর্ণ হওয়ায় জনসাধারণকে সতর্কতার সঙ্গে চলাচল এবং সীমান্ত এলাকায় অপ্রয়োজনীয় যাতায়াত পরিহারের আহ্বান জানিয়ে বিজিবি নিয়মিত জনসচেতনতামূলক কার্যক্রম পরিচালনা করছে। পাশাপাশি ল্যান্ডমাইনের ঝুঁকি সম্পর্কে সচেতনতা বৃদ্ধিতে সতর্কতামূলক লিফলেটও বিতরণ করা হয়েছে।

