

হুমায়ুন কবীর রিন্টু, নড়াইল প্রতিনিধি: নড়াইলের লোহাগড়া উপজেলার গোপীনাথপুর গ্রামে রুবেল শেখ (২৮) এর পুরুষাঙ্গ কর্তনের অভিযোগ উঠেছে তার স্ত্রী আদরী বেগম (২০) এর বিরুদ্ধে। আহত রুবেল যশোরের বাঘারপাড়া উপজেলার ধলগ্রামের শহীদ শেখ এর ছেলে। তিনি পেশায় একজন ভাঙাড়ী ব্যবসায়ী।
মঙ্গলবার (২৮ জুলাই) সকালে লোহাগড়া পৌরসভার গোপীনাথপুর গ্রামে আহত যুবক রুবেল এর শ্বশুর বাড়ি এলাকায় এ ঘটনা ঘটে। কাটা জায়গা জোড়া দিতে ৮টি সেলাই দিতে হয়েছে।
লোহাগড়া থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা আব্দুর রহমান বিষয়টি নিশ্চিত করে বলেন, আহত রুবেল শেখ লোহাগড়া পৌরসভার গোপীনাথপুরে তার শ্বশুর বাড়ি এলাকায় ভাড়া থাকতেন। তার স্ত্রী আদরী বেগম গোপিনাথপুর গ্রামের বাদলের মেয়ে।
ভুক্তভোগী রুবেল শেখ অভিযোগ করে বলেন, ২ বছরের দাম্পত্য জীবনে তার স্ত্রী আদরী বেগমের সাথে তার বিভিন্ন সময়ে পরকীয়া সন্দেহের জেরে ঝগড়াঝাটি লেগেই থাকতো। এর জেরে মঙ্গলবার ভোরে ঘুমিয়ে থাকা অবস্থায় তার স্ত্রী আদরী বেগম তার বুকের উপরে বসে ধারালো এন্ট্রিকাটার দিয়ে তার পুরুষাঙ্গ কেটে ফেলার চেষ্টা করেন। এসময় তিনি চিৎকার চেঁচামেচি করলে বাড়িতে থাকা অন্য লোকজন এগিয়ে আসলে তাকে ছেড়ে দেন। স্থানীয়রা তাকে উদ্ধার করে লোহাগড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়। এরপরে স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরি বিভাগে তার ক্ষত স্থানে ৮টি সেলাই দেয়া হয়। এ ঘটনায় তিনি থানায় তার স্ত্রীর বিরুদ্ধে মামলা করবেন বলে জানান।
ভুক্তভোগী আরও জানান, তার স্ত্রী বসবাস করেন লোহাগড়া পৌরসভার গোপিনাথপুর গ্রামে নিজের পিতার বাড়িতে। আর তিনি বেশিরভাগ সময় তার গ্রামের বাড়ি বাঘারপাড়া এলাকায় থাকেন। সোমবার (২৭ জুলাই) মোবাইল ফোনে তার স্ত্রী তাকে গোপিনাথপুর পিতার বাড়িতে আসতে বলে, না আসলে স্ত্রী আত্মহত্যা করার হুমকি দেয়। সোমবার রাত ১২ টার দিকে সে শ্বশুর বাড়িতে যায় এবং রাতের খাবার খেয়ে ঘুমিয়ে পড়ে। ঘুমন্ত অবস্থায় সকাল ৭টার দিকে এ ঘটনা ঘটে।
স্বামী রুবেল শেখ পরকীয়ার অভিযোগ অস্বীকার করে বলেন, তার স্ত্রী ভালো না। এ জন্য তার কাছ থেকে তিনি দূরে থাকতেন।
এ ঘটনায় ভুক্তভোগী রুবেল শেখের অভিযোগের ভিত্তিতে তার স্ত্রী অভিযুক্ত আদরী বেগমকে গ্রেফতার করেছে লোহাগড়া থানা পুলিশের একটি দল। আদরী বেগম পুলিশ হেফাজতে থাকায় এসব অভিযোগের ব্যাপারে তার বক্তব্য নেয়া সম্ভব হয়নি।
লোহাগড়া থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুর রহমান বলেন, এ ঘটনায় ভুক্তভোগীর স্ত্রী আদরী বেগমকে গ্রেফতার করা হয়েছে। এ বিষয়ে মামলার কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে।

