

কলাপাড়া (পটুয়াখালী) প্রতিনিধি: পটুয়াখালীর কুয়াকাটায় ভ্রমণে এসে মোটরসাইকেল দুর্ঘটনায় জিসান (১৭) নামের এক পর্যটক নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরও তিনজন।
সোমবার সকাল সাড়ে দশটার দিকে মেরিনড্রাইভ সড়কের মাঝি বাড়ি সংলগ্ন এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহত জিসান শরীয়তপুর জেলার পালং থানার কাশিপুর গ্রামের আমির হোসেনের ছেলে।
স্থানীয় সূত্রে জানা যায়, সকালে জিসান, রাব্বি ও আবির নামের তিন বন্ধু শরীয়তপুর থেকে কুয়াকাটায় ভ্রমণে আসেন। পরে মেরিনড্রাইভ সড়ক হয়ে লেম্বুরবনের উদ্দেশ্যে ঘুরতে যাচ্ছিলেন।মাঝি বাড়ি এলাকায় পৌঁছালে রাস্তা পারাপার সময় মিম (১৮) নামের এক পর্যটককে বাঁচাতে গিয়ে তাদের মোটরসাইকেল নিয়ন্ত্রণ হারিয়ে সড়কের পাশে গাছের সঙ্গে ধাক্কা লাগে। এতে চারজনই গুরুতর আহত হন। স্থানীয়রা দ্রুত তাদের উদ্ধার করে কুয়াকাটা তুলাতলী ২০ শয্যা হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক ডা. আব্দুল বাতেন জিসানকে মৃত ঘোষণা করেন। আহত তিনজনর মধ্যে মিমকে উন্নত চিকিৎসার জন্য পটুয়াখালী সদর হাসপাতালে পাঠানো হয়েছে।

