ঢাকা
২০শে এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ
রাত ৯:১২
প্রকাশিত : এপ্রিল ২০, ২০২৬
আপডেট: এপ্রিল ২০, ২০২৬
প্রকাশিত : এপ্রিল ২০, ২০২৬

বিএনপি’র মনোনয়ন পেলেন খ্রিস্টান ও নৃগোষ্ঠী নেত্রী আন্না মিনজ

বড়াইগ্রাম (নাটোর) প্রতিনিধি: ত্রয়োদশ জাতীয় সংসদের নাটোর-নওগাঁ সংরক্ষিত নারী আসনে বিএনপি’র মনোনয়ন পেলেন খ্রিস্টান ও নৃগোষ্ঠী নেত্রী আন্না মিনজ। তিনি নাটোরের বড়াইগ্রামের জোনাইলের কৃতি সন্তান, বিএনপির কেন্দ্রীয় কমিটির ধর্ম বিষয়ক সহ-সম্পাদক এডভোকেট জন গমেজ এর সহধর্মিণী। আন্না মিনজ এমপি প্রার্থী হিসেবে মনোনীত হয়েছেন এ খবর পাওয়া মাত্র সোশ্যাল মিডিয়ায় বিএনপির চেয়ারম্যান ও প্রধানমন্ত্রী তারেক রহমান এবং মহাসচিব ও স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের মন্ত্রী মীর্জা ফখরুল ইসলাম আলমগীরকে ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানিয়ে পোস্ট দিয়েছেন এই অঞ্চলের খ্রিস্টান ও নৃগোষ্ঠীর নেতৃবৃন্দসহ সর্বস্তরের জনগণ।

মনোনয়নপ্রাপ্ত এমপি আন্না মিনজ এর স্বামী বিএনপির কেন্দ্রীয় কমিটির নেতা এডভোকেট জন গমেজ নিজেকে বিএনপি'র একনিষ্ঠ কর্মী পরিচয় দিয়ে তার ফেসবুক পোস্টে লিখেছেন, ত্রয়োদশ জাতীয় সংসদের সংরক্ষিত মহিলা আসনে বাংলাদেশ জাতীয়তাবাদী দল-বিএনপির মনোনীত নাটোরের প্রার্থী আন্না মিনজকে আন্তরিক অভিনন্দন ও শুভেচ্ছা। মহান সৃষ্টিকর্তাকে ধন্যবাদ। বিএনপির সম্মানিত চেয়ারম্যান ও মাননীয় প্রধানমন্ত্রী জনাব তারেক রহমান এবং সম্মানিত মহাসচিব ও স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের মাননীয় মন্ত্রী জনাব মীর্জা ফখরুল ইসলাম আলমগীর মহোদয়কে মহান জাতীয় সংসদে সংরক্ষিত মহিলা আসনে আন্না মিনজকে মনোনয়ন দেওয়ায় এবং তাঁদের সুদূরপ্রসারী চিন্তা, নেতৃত্ব ও তার উপর আস্থার জন্য আমরা পরিবার ও সম্প্রদায়ের পক্ষে আন্তরিক ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানাচ্ছি। আন্না মিনজ “খ্রিস্টান ও নৃগোষ্ঠী জাতিসত্তা” উভয় সম্প্রদায়ের সুপরিচিত, সুযোগ্য ও গর্বিত প্রতিনিধি। আন্না ব্যক্তি ও পারিবারিক জীবনে এবং কর্ম জীবনে একজন দক্ষ নেতৃত্ব ও সফল ব্যক্তিত্ব। আপনারা সবাই আন্নার জন্য দোয়া ও শুভকামনা রাখবেন। তিনি যেন সুবিধাবঞ্চিত জনগণ, খ্রিস্টান ও ক্ষুদ্র নৃগোষ্ঠী সম্প্রদায়ের উন্নয়নে সফলভাবে ভূমিকা রাখতে পারেন।

বাংলাদেশ মানবাধিকার ফাউন্ডেশনের নাটোর জেলা আহ্বায়ক ও বড়াল প্রেসক্লাবের সভাপতি সাংবাদিক অমর ডি কস্তা ইন্সটাগ্রামে লিখেছেন, দেশের সকল ধর্ম-বর্ণ-সংস্কৃতিকে বিবেচনায় নিয়ে বর্তমান গণতান্ত্রিক সরকার একটি সুন্দর ও পরিচ্ছন্ন মহান সংসদ গড়ার চেষ্টা করছেন এবং তাতে সফল ও প্রশংসিত হয়েছেন এবং হচ্ছেন। আন্না মিনজ একজন সফল ও সুযোগ্য নারী নেত্রী। তাঁর নেতৃত্ব এই দুই উপজেলার অতি সাধারণ বিশেষ করে প্রান্তিক জনগোষ্ঠীর জন্য কল্যাণ বয়ে আনবে।

বনপাড়া খ্রিস্টান কোঅপারেটিভ ক্রেডিট ইউনিয়নের চেয়ারম্যান বাবলু রেনেতোস কোড়াইয়া বলেন, সাম্প্রদায়িক সম্প্রীতির দেশ এই বাংলাদেশ। আন্না মিনজ এমপি হিসেবে মনোনয়ন পাওয়াটাও সম্প্রীতির এক অনন্য দৃষ্টান্ত। বিএনপির চেয়ারম্যান ও প্রধানমন্ত্রী তারেক জিয়া ও বিএনপির সিনিয়র কেন্দ্রীয় নেতাদের প্রতি খ্রিস্টান সম্প্রদায়ের পক্ষ থেকে ধন্যবাদ ও কৃতজ্ঞতা জ্ঞাপন করছি।

জাতীয় আদিবাসী পরিষদের নাটোর জেলা সভাপতি প্রদীপ নাকরা বলেন, সংসদে অধিকার বঞ্চিত নৃগোষ্ঠীর পক্ষে কথা বলার জন্য একজন প্রতিনিধি অবশ্যই থাকা দরকার। বর্তমান বিএনপি সরকারের এই উদার, নিরপেক্ষ ও গণতান্ত্রিক ভাবনাকে সম্মান জানাই। ধন্যবাদ জানাই দলের চেয়ারম্যান ও প্রধানমন্ত্রী তারেক জিয়া সহ সকল নীতি নির্ধারকদের। আশা করি আন্না মিনজ নৃগোষ্ঠীর অধিকার নিশ্চিত করতে সংসদে দায়িত্বশীল ভূমিকা পালনে যোগ্য ও প্রশংসিত ভূমিকা রাখতে সক্ষম হবেন।

সর্বশেষ
প্রকাশকঃ অধ্যাপক ড. জোবায়ের আলম
সম্পাদকঃ এডভোকেট মো: গোলাম সরোয়ার
কার্যালয় : বিটিটিসি বিল্ডিং (লেভেল:০৩), ২৭০/বি, তেজগাঁও (আই/এ), ঢাকা-১২০৮, মোবাইল: +88 02-226603507, +88 02-226603508, +880 1736 786915, +880 1300 126 624, ইমেইল: online.bdsangbad@gmail.com (online)
news@bd-sangbad.com, ads@bd-sangbad.com
বাংলাদেশ সংবাদ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত।  অনুমতি ছাড়া এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি ও বিষয়বস্তু অন্য কোথাও প্রকাশ করা বে-আইনী।
Copyright © 2026 The Bangladesh Today. All Rights Reserved.
Host by
linkedin facebook pinterest youtube rss twitter instagram facebook-blank rss-blank linkedin-blank pinterest youtube twitter instagram