

সোহানুর রহমান, দীঘিনালা (খাগড়াছড়ি) প্রতিনিধি: দেশের অন্যতম পর্যটন কেন্দ্র সাজেকে যাওয়ার পথে পর্যটকবাহী একটি জীপ খাদে পড়ে খুলনা বিশ্ববিদ্যালয়ের (খুবি) এক শিক্ষার্থী নিহত হয়েছেন। এ ঘটনায় আরও ১২ জন আহত হয়েছেন।
নিহত শিক্ষার্থীর নাম পিংকি। তিনি খুলনা বিশ্ববিদ্যালয়ের পদার্থবিজ্ঞান বিভাগের শিক্ষার্থী ছিলেন। আহতদের সবাইও একই বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী বলে জানা গেছে।
পুলিশ জানায়, সোমবার দুপুরে শিক্ষা সফরে যাওয়ার পথে সাজেকের শিজক ছড়ার হাউজপাড়া মুখ এলাকায় নিয়ন্ত্রণ হারিয়ে খুবি শিক্ষার্থীদের বহনকারী জীপটি খাদে পড়ে যায়। এতে ঘটনাস্থলেই পিংকি নিহত হন। আহতদের মধ্যে ০৪ জনের অবস্থা আশঙ্কাজনক।
দুর্ঘটনার পর সেনাবাহিনী, পুলিশ ও স্থানীয়রা দ্রুত উদ্ধার কাজে অংশ নেয়। প্রথমে হতাহতদের দীঘিনালা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হয়। পরে গুরুতর আহত ৪ জনসহ ৯ জনকে খাগড়াছড়ি সদর হাসপাতালে পাঠানো হয়।
ঘটনার সত্যতা নিশ্চিত করে সাজেক থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কানন সরকার বলেন, নিহত শিক্ষার্থীর মরদেহ খাগড়াছড়ি সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।

