

রমজান আলী, সাতকানিয়া (চট্টগ্রাম) প্রতিনিধি: চট্টগ্রামের সাতকানিয়া সরকারি কলেজের সাবেক ছাত্রলীগ নেতা দেলোয়ার হোসেন (৩০) অবশেষে পুলিশের জালে ধরা পড়েছেন। সোমবার দিবাগত রাতে উপজেলার কেঁওচিয়া ইউনিয়নের মাদারবাড়ি এলাকায় বিশেষ অভিযানে তাকে গ্রেফতার করে সাতকানিয়া থানা পুলিশ। তিনি স্থানীয় বাসিন্দা মো. সিরাজুল ইসলামের পুত্র।
পুলিশ জানায়, তার বিরুদ্ধে সাতকানিয়া থানায় দায়েরকৃত একটি মামলা রয়েছে (এফআইআর নং-৭, তারিখ ৫ সেপ্টেম্বর ২০২৪; জি.আর. নং-২৫৪)। দীর্ঘদিন ধরে তিনি আইনশৃঙ্খলা বাহিনীর নজরদারিতে ছিলেন। তদন্তের স্বার্থে তাকে জিজ্ঞাসাবাদের জন্য রিমান্ড আবেদন করা হতে পারে বলেও জানিয়েছেন সংশ্লিষ্ট কর্মকর্তারা।
স্থানীয় সূত্রের দাবি, ছাত্র রাজনীতির আড়ালে দেলোয়ার হোসেন দীর্ঘদিন ধরে প্রভাব বিস্তারের চেষ্টা চালিয়ে আসছিলেন। অভিযোগ রয়েছে—কৃষিজমি থেকে অবৈধভাবে মাটি উত্তোলন, সরকারি জমি দখল এবং স্থাপনা নির্মাণসহ নানা অনিয়মে তার সম্পৃক্ততা ছিল।
এছাড়া সম্প্রতি সামাজিক যোগাযোগ মাধ্যমে বিভিন্ন রাজনৈতিক দলের নেতাদের সঙ্গে ছবি প্রকাশ করে নিজের রাজনৈতিক পরিচয় পরিবর্তনের চেষ্টার অভিযোগও উঠেছে তার বিরুদ্ধে।
সাতকানিয়া থানার ওসি মো. জাহিদুল ইসলাম বলেন, “আমরা তাকে মামলার ভিত্তিতে গ্রেফতার করেছি। আইন অনুযায়ী পরবর্তী পদক্ষেপ গ্রহণ করা হবে।”
দেলোয়ার গ্রেফতারের খবরে স্থানীয় রাজনৈতিক অঙ্গনে মিশ্র প্রতিক্রিয়া দেখা দিয়েছে। কেউ কেউ একে তার দীর্ঘদিনের অপরাধমূলক কর্মকাণ্ডের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা হিসেবে দেখছেন, আবার অনেকে বলছেন রাজনৈতিক সমীকরণের অংশ হিসেবেই এ গ্রেফতার।

