

কক্সবাজার প্রতিনিধি: কক্সবাজারের মহেশখালী উপজেলায় মৎস্য ঘের থেকে তুলে নিয়ে গুলি করে হত্যা করা হয়েছে তোফায়েল আহমদ (৩৩) নামের এক যুবককে। রোববার (২৪ আগস্ট) ভোরে কালারমারছড়া ইউনিয়নের কাউল্যার ব্রিজ-সংলগ্ন বাঁশঝাড় থেকে গুরুতর আহত অবস্থায় তাঁকে উদ্ধার করে হাসপাতালে নেয়ার পথে মৃত্যু হয়।
তোফায়েল কালারমারছড়া ইউনিয়নের মোহাম্মদ শাহঘোনার মৃত ছিদ্দিক মাতব্বরের ছেলে। তিনি পেশায় চিংড়িঘের ব্যবসায়ী ছিলেন।
মহেশখালী থানার ওসি মঞ্জুরুল হক জানান, শনিবার দিবাগত রাতে কালারমারছড়ার আটজইন্ন্যাঘোনা এলাকার একটি মৎস্য ঘেরে সশস্ত্র দুর্বৃত্তরা হানা দেয়। এ সময় তারা ঘেরের কর্মচারীদের মারধর করে মাছ ও মালামাল লুট করে। চলে যাওয়ার সময় দুর্বৃত্তরা তোফায়েল আহমদকে তুলে নিয়ে যায়। খবর পেয়ে স্বজনরা সারারাত বিভিন্ন স্থানে খোঁজাখুঁজি করেও তাঁর কোনো সন্ধান পাননি।
রোববার ভোরে স্থানীয়রা কাউল্যার ব্রিজ-সংলগ্ন বাঁশঝাড়ে এক ব্যক্তিকে পড়ে থাকতে দেখে। খবর পেয়ে স্বজনেরা সেখানে পৌঁছে গুলিবিদ্ধ অবস্থায় তোফায়েলকে উদ্ধার করেন। পরে চকরিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেয়ার পথে তাঁর মৃত্যু হয়।
ওসি মঞ্জুরুল হক জানান, নিহতের লাশ কক্সবাজার জেলা সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। ঘটনার রহস্য উদঘাটন ও জড়িতদের চিহ্নিত করে গ্রেপ্তারের জন্য পুলিশের অভিযান চলছে।

