

ছায়েদ আহামেদ, হাতিয়া (নোয়াখালী) প্রতিনিধি: গতরাতে হাতিয়ার মেঘনার গাঙ্গুরীয়া জলসীমায় ১৪ জন জেলেসহ মাছ ধরার ট্রলারটি উদ্ধার করা হয়েছে। বিষয়টি নিশ্চিত করেন কোস্ট গার্ড মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার সিয়াম-উল-হক।
শুক্রবার সকালে এক প্রেস রিলিজে তিনি উল্লেখ করেন, গত ১৯ জুলাই 'এফবি জামিলা' নামক ফিশিং ট্রলার মাছ ধরার উদ্দেশ্যে ১৪ জন জেলেসহ সমুদ্রে গমন করে। যান্ত্রিক ত্রুটির কারণে ট্রলারটি ইঞ্জিন বিকল হয়ে ৫ দিন ধরে সমুদ্রে ভাসতে থাকে। পরে গতরাতে জেলেরা জরুরি সেবা নম্বর ৯৯৯ এ কল দিলে কোস্ট গার্ড অবগত হয়। ফলে তাৎক্ষণিক কোস্ট গার্ড হাতিয়া স্টেশন উদ্ধার অভিযান পরিচালনা করে নোয়াখালীর হাতিয়ার এ জলসীমা থেকে ১৪ জন জেলেসহ মাছ ধরার ট্রলারটি উদ্ধার করে।
তিনি জানান, উদ্ধারকৃত জেলেসহ মাছ ধারার ট্রলারটি নিরাপদে উপজেলার সূর্যমূখী ঘাটে পৌঁছে দেওয়া হয়। এবং অসুস্থ এক জেলেকে কোস্ট গার্ড কর্তৃক প্রাথমিক চিকিৎসা দিয়ে স্থানীয় স্বাস্থ্য কমপ্লেক্সে প্রেরণ করেন।
বাংলাদেশ কোস্ট গার্ড উপকূলীয় এবং নদী তীরবর্তী অঞ্চলের নিরাপত্তা নিশ্চিতে নিয়মিত অভিযান পরিচালনা করে আসছে এবং ভবিষ্যতেও এ কার্যক্রম অব্যাহত রাখবে বলে জানান তিনি।

