

চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি: চাঁপাইনবাবগঞ্জে পদ্মা’র শাখা নদীতে গোসল করতে নেমে পানিতে ডুবে দুই শিশুর মৃত্যু হয়েছে। আজ রবিবার দুপুরে জেলার শিবগঞ্জ উপজেলার উজিরপুর ইউনিয়নের উত্তর মাঝপাড়া এলাকায় এ ঘটনা ঘটে।
ওই দুই শিশু হলো, জেলার শিবগঞ্জ উপজেলার উজিরপুর ইউনিয়নের উত্তর উজিরপুর মাঝপাড়া ওমর আলীর শিশুপুত্র আব্দুল আলীম (১১) ও একই এলাকার মুকুল আলীর মেয়ে মিম (১২)।
স্থানীয়রা জানায়, দুপুরে শিশু আলীম ও মিম গোসল করতে নেমে এক পর্যায়ে তারা গভীর পানিতে চলে গেলে ডুবে যায়। পরে স্থানীয়রা বিষয়টি টের পেয়ে তাদের মৃত অবস্থায় উদ্ধার করে।
শিবগঞ্জ থানার ওসি গোলাম কিবরিয়া জানান, আজ দুপুরে মাঝপাড়ার পুরান সুভান উচ্চ বিদ্যালয়ের পাশে পদ্মা নদীর শাখায় গোসল করতে নেমে মিম ও আব্দুল আলীম পানিতে ডুবে মারা যায়। পরে স্থানীয়রা অনেক খোঁজাখুজির পর মৃত অবস্থায় ওই দুই শিশুর মরদেহ উদ্ধার করে।
ওসি আরও জানান, এ ঘটনায় আইনি ব্যবস্থা নিয়ে মরদেহ দুটি পরিবারের স্বজনদের কাছে হস্তান্তর করা হয়েছে।

