ঢাকা
১৮ই জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ
সকাল ১০:২৫
প্রকাশিত : জুলাই ১৮, ২০২৬
আপডেট: জুলাই ১৮, ২০২৬
প্রকাশিত : জুলাই ১৮, ২০২৬

দাবানলের ধোঁয়ায় ফাইনালের আগে নিউইয়র্কে বায়ুদূষণ সতর্কতা

২০২৬ বিশ্বকাপ ফাইনালের আর মাত্র দুই দিন বাকি। এরই মধ্যে কানাডার দাবানলের ধোঁয়ায় নিউইয়র্ক ও নিউ জার্সির আকাশ ধোঁয়াশাচ্ছন্ন হয়ে পড়ায়, বায়ুর মান নিয়ে স্বাস্থ্য সতর্কতা জারি করেছে স্থানীয় কর্তৃপক্ষ।

রোববার (১৯ জুলাই) নিউইয়র্ক নিউ জার্সি স্টেডিয়ামে (মেটলাইফ স্টেডিয়াম) বিশ্বকাপের ফাইনালে মুখোমুখি হবে স্পেন ও ডিফেন্ডিং চ্যাম্পিয়ন আর্জেন্টিনা। তবে, ম্যাচের আগে বাতাসের মান খারাপ হওয়ায় বাসিন্দাদের অপ্রয়োজনে বাইরে না বের হওয়া এবং ভারী শারীরিক পরিশ্রম এড়িয়ে চলার পরামর্শ দেওয়া হয়েছে।

কানাডায় চলমান দাবানলের ধোঁয়া কয়েকদিন ধরে নিউইয়র্ক অঞ্চলে ছড়িয়ে পড়েছে। বুধবার রাতে স্পেন দল নিউ জার্সিতে পৌঁছানোর ঠিক আগেই পরিস্থিতির আরও অবনতি হয়।

তবে বৃহস্পতিবার (১৬ জুলাই) স্পেনের খেলোয়াড়রা খোলা মাঠেই অনুশীলন করেছেন। এখন পর্যন্ত বায়ুদূষণ নিয়ে দলটির পক্ষ থেকে কোনো উদ্বেগ প্রকাশ করা হয়নি। অন্যদিকে, ইংল্যান্ডকে হারিয়ে সেমিফাইনাল জেতার পর আর্জেন্টিনা জর্জিয়াতেই অবস্থান করছিল। আজ শুক্রবার থেকে নিউ জার্সিতে তাদের অনুশীলন শুরু হওয়ার কথা রয়েছে।

এদিকে, বায়ুদূষণের প্রভাব পড়ছে ফাইনালের অনুষ্ঠানগুলোর মহড়ায়ও। নিউইয়র্ক নিউ জার্সি স্টেডিয়ামে ফাইনালের উদ্বোধনী অনুষ্ঠানের মহড়ায় অংশ নেওয়া নৃত্যশিল্পী কাইটলিন এডগারের বাবা ড্যান এডগার জানান, তার মেয়ে বার্তা দিয়ে জানিয়েছে বাইরে শ্বাস নিতে কষ্ট হচ্ছে। তিনি বলেন, ও বলেছে বাইরে পরিস্থিতি খুব খারাপ। নাচতেও কষ্ট হচ্ছে। বাতাস যেন ভারী হয়ে আছে।

আবার খেলোয়াড়রাও এর ভুক্তভোগী হচ্ছেন। ধোঁয়াচ্ছন্ন আকাশ ও তীব্র গরমের প্রভাব ইতোমধ্যেই অনুভব করেছেন যুক্তরাষ্ট্রের নারী ফুটবল লিগ (এনডব্লিউএসএল)-এর খেলোয়াড়রা।

বুধবার (১৫ জুলাই) নিউইয়র্কের সিটি ফিল্ডে গথাম এফসি ও ওয়াশিংটন স্পিরিটের ম্যাচ নির্ধারিত সময়েই অনুষ্ঠিত হয়। তবে বায়ুর মান খারাপ থাকায় এনডব্লিউএসএলের নীতিমালা অনুযায়ী প্রতি অর্ধে দুটি করে অতিরিক্ত বিরতি দেওয়া হয়।

ওয়াশিংটন স্পিরিটের তারকা ফরোয়ার্ড ট্রিনিটি রডম্যান ম্যাচ শেষে বলেন, অজুহাত দিতে চাই না, কিন্তু দুই দলই বারবার বিরতির অপেক্ষায় ছিল। আমার মনে হয়, এমন পরিস্থিতিতে ম্যাচটি না খেললেই ভালো হতো।

তবে আশার কথা হলো, ফাইনাল নিয়ে এখনও শঙ্কা নেই। এর আগে, ২০২৩ সালের জুনে কানাডার দাবানলের সময় নিউইয়র্কের আকাশ পুরোপুরি কমলা রং ধারণ করেছিল। এবারের পরিস্থিতি সে তুলনায় কম ভয়াবহ বলে জানিয়েছেন স্থানীয়রা।

৮০ হাজারের বেশি দর্শক ধারণক্ষমতার খোলা স্টেডিয়াম নিউইয়র্ক নিউ জার্সি স্টেডিয়ামেই অনুষ্ঠিত হবে বিশ্বকাপ ফাইনাল। সেখানে থাকবে তারকাবহুল হাফটাইম শোও।

এ মুহূর্তে ফাইনাল আয়োজন নিয়ে কোনো ধরনের পরিবর্তনের ইঙ্গিত দেয়নি আয়োজকরা। আবহাওয়ার পূর্বাভাস অনুযায়ী, শুক্রবার (১৭ জুলাই) থেকে বায়ুর মান উন্নত হতে পারে। আর আগামী শনিবারের সম্ভাব্য বৃষ্টিতে ধোঁয়ার ঘনত্ব আরও কমে আসার আশা করা হচ্ছে।

তবে, বায়ুদূষণের প্রভাব ইতোমধ্যে অন্য প্রতিযোগিতায় পড়েছে। বৃহস্পতিবার শিকাগো অঞ্চলে বায়ুর মান অত্যন্ত খারাপ হওয়ায় মেজর লিগ সকারে (এমএলএস) শিকাগো ফায়ার ও ভ্যাঙ্কুভার হোয়াইটক্যাপসের ম্যাচ স্থগিত করা হয়েছে। ওই ম্যাচেই শিকাগোর হয়ে অভিষেক হওয়ার কথা ছিল সাবেক বায়ার্ন মিউনিখ ও বার্সেলোনা তারকা রবার্ট লেভানডোভস্কির।

(সূত্র: বিবিসি)

সর্বশেষ
প্রকাশকঃ অধ্যাপক ড. জোবায়ের আলম
সম্পাদকঃ এডভোকেট মো: গোলাম সরোয়ার
কার্যালয় : বিটিটিসি বিল্ডিং (লেভেল:০৩), ২৭০/বি, তেজগাঁও (আই/এ), ঢাকা-১২০৮, মোবাইল: +88 02-226603507, +88 02-226603508, +880 1736 786915, +880 1300 126 624, ইমেইল: online.bdsangbad@gmail.com (online)
news@bd-sangbad.com, ads@bd-sangbad.com
বাংলাদেশ সংবাদ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত।  অনুমতি ছাড়া এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি ও বিষয়বস্তু অন্য কোথাও প্রকাশ করা বে-আইনী।
Copyright © 2026 The Bangladesh Today. All Rights Reserved.
Host by
linkedin facebook pinterest youtube rss twitter instagram facebook-blank rss-blank linkedin-blank pinterest youtube twitter instagram