

রায়ো ভায়েকানোর বিপক্ষে ১-০ গোলের ঘামঝরানো জয় পেয়েছে বার্সেলোনা। এতে লা লিগার শিরোপা দৌড়ে রিয়াল মাদ্রিদকে আরও পেছনে ফেলে দিলো কাতালানরা।
রোববার রাতে ক্যাম্প ন্যুতে ম্যাচের ২৪ মিনিটে রোনাল্ড আরাউহোর গোলে লিড নেয় কাতালানরা। এরপর ম্যাচজুড়ে বেশ কিছু আক্রমণ হলেও আর কোনো গোলের দেখা পায়নি দুদলের কেউই।
ম্যাচে দুর্দান্ত কিছু সেভ করেছেন বার্সা গোলরক্ষক হোয়ান গার্সিয়া। এই স্প্যানিশ গোলকিপারের দুর্দান্ত কিছু সেভেই মূলত জয় নিয়ে মাঠ ছাড়ে বার্সা।
এই জয়ে ২৯ ম্যাচে ৭৩ পয়েন্ট নিয়ে টেবিলের শীর্ষস্থান আরও মজবুত করল হান্সি ফ্লিকের দল। আর সমান ম্যাচে ৬৯ পয়েন্ট নিয়ে দুইয়ে রিয়াল মাদ্রিদ।

