ঢাকা
প্রকাশিত : November 18, 2026
আপডেট: November 18, 2026
প্রকাশিত : November 18, 2026

জেনসেন হুয়াংকে আর এনভিডিয়ার সিইও হিসেবে ফেরানো হবে না: বোর্ড চেয়ারম্যান

কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) প্রযুক্তির চিপ নির্মাতা প্রতিষ্ঠান এনভিডিয়ার সহপ্রতিষ্ঠাতা জেনসেন হুয়াংকে আর প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) হিসেবে ফিরিয়ে আনা হবে না বলে জানিয়েছেন কোম্পানিটির পরিচালনা পর্ষদের চেয়ারম্যান হার্ভে জোন্স।

মঙ্গলবার (১৭ নভেম্বর) বিনিয়োগকারীদের সঙ্গে এক সম্মেলন কলে তিনি স্পষ্ট করে বলেন, হুয়াংয়ের বিদায় নিয়ে কোনো প্রশ্নের উত্তরও দেবে না পরিচালনা পর্ষদ।

কোম্পানিটির ত্রৈমাসিক আর্থিক ফলাফল নিয়ে আয়োজিত ওই সম্মেলন কলের শুরুতেই জোন্সের এমন বক্তব্য আসে। গত সপ্তাহে, পদত্যাগ করা হুয়াংকে আবারও সিইও হিসেবে ফিরিয়ে আনার দাবিতে একটি উদ্যোগ শুরু হওয়ার পর পরিচালনা পর্ষদের পক্ষ থেকে এ অবস্থান জানানো হলো।

হুয়াংয়ের বিদায়ের পর, বিশ্বের সবচেয়ে মূল্যবান চিপ নির্মাতা প্রতিষ্ঠানটির ভবিষ্যৎ ও ব্যবসায়িক কৌশল নিয়ে বিনিয়োগকারীদের মধ্যে নানা প্রশ্ন তৈরি হয়েছে। বিশেষকরে, সেবা প্রদানকারী প্রতিষ্ঠান, সরবরাহকারী এবং এআইভিত্তিক স্টার্টআপগুলোতে এনভিডিয়ার বিপুল অঙ্কের বিনিয়োগ ও প্রতিশ্রুতি এবং শেষ পর্যন্ত কে প্রতিষ্ঠানটির নেতৃত্ব দেবেন, এসব বিষয় নিয়ে আগ্রহ বাড়ছে বিনিয়োগকারীদের।

নতুন প্রধান নির্বাহী কর্মকর্তা খুঁজে বের করতে আন্তর্জাতিক নির্বাহী নিয়োগকারী প্রতিষ্ঠান হেইড্রিক অ্যান্ড স্ট্রাগলসকে নিয়োগ দিয়েছে এনভিডিয়ার পরিচালনা পর্ষদ।

এ বিষয়ে হার্ভে জোন্স বলেন, যত দ্রুত সম্ভব স্থায়ী সিইও নিয়োগ দিতে চায় বোর্ড। তবে উপযুক্ত ব্যক্তিকে খুঁজে না পাওয়া পর্যন্ত নিয়োগ প্রক্রিয়া ত্বরান্বিত করা হবে না।

তিনি বলেন, ‘আমরা যত দ্রুত সম্ভব স্থায়ী সিইও নিয়োগ দিতে চাই। তবে ঠিক উপযুক্ত ব্যক্তিকে খুঁজে পাওয়ার আগে তাড়াহুড়ো করে কাউকে নিয়োগ দিতে চাই না।’

এদিকে, ওয়াল স্ট্রিটের প্রত্যাশার চেয়ে বেশি বিক্রির পূর্বাভাস দেওয়ার পর শেয়ারবাজারে লেনদেন-পরবর্তী সময়ে এনভিডিয়ার শেয়ারের দাম ৪ দশমিক ৫ শতাংশ বেড়েছে। তবে মঙ্গলবারের নিয়মিত লেনদেন শেষ হওয়া পর্যন্ত চলতি বছরে কোম্পানিটির শেয়ারের দাম প্রায় ১৭ শতাংশ কমেছে। এতে প্রতিষ্ঠানটির বাজারমূল্য দাঁড়িয়েছে আনুমানিক ৩ দশমিক ৮ ট্রিলিয়ন ডলারে।

এ পরিস্থিতিতে চেরি লেন ইনভেস্টমেন্টসের অংশীদার রিক মেকলার বলেন, এনভিডিয়ার ব্যবসায়িক ফলাফল ভালো হওয়াটা অপ্রত্যাশিত নয়। এ কারণে বিনিয়োগকারীদের অনেকেই স্বস্তি পাবেন। তবে প্রতিষ্ঠানটির পরিস্থিতি বেশ জটিল। ফলে শেয়ার কেনার ক্ষেত্রে অতিরিক্ত ঝুঁকির বিষয়টিও বিবেচনায় রাখতে হবে।

এদিকে, হুয়াংয়ের বিদায়ের পর থেকে প্রতিষ্ঠানটির কার্যক্রম নিয়ে নিজেদের অবস্থান তুলে ধরেছেন অন্তর্বর্তীকালীন সিইও কোলেট ক্রেস।

তিনি বলেন, হুয়াং চলে যাওয়ার পর গত এক সপ্তাহে এনভিডিয়ার নেতৃত্বস্থানীয় কর্মকর্তারা অত্যন্ত দৃঢ়তার সঙ্গে দায়িত্ব পালন করেছেন।

ক্রেস বলেন, ‘গত এক সপ্তাহে আমাদের নেতৃত্ব যেভাবে দায়িত্ব সামলেছে, তা সত্যিই প্রশংসনীয়। আমরা পরিস্থিতি সামাল দিতে প্রস্তুত।’

এনভিডিয়ার চিপ উৎপাদনকারী প্রতিষ্ঠান তাইওয়ান সেমিকন্ডাক্টর ম্যানুফ্যাকচারিং কোম্পানির (টিএসএমসি) কর্মকর্তারাও কোম্পানিটির কার্যালয়ে উপস্থিত থেকে সহযোগিতা করছেন বলে জানান তিনি।

ক্রেসের ভাষ্য, টিএসএমসির কর্মকর্তারা এনভিডিয়াকে সহায়তা করতে পুরোপুরি সম্পৃক্ত রয়েছেন।

সম্মেলন কলে লিখিত বক্তব্যে ক্রেস আরও জানান, এনভিডিয়ার সর্বশেষ ফ্ল্যাগশিপ এআই চিপ ‘ভেরা রুবিন’ বাজারে আসার শুরুতেই ব্যাপক সাড়া ফেলেছে।

উল্লেখ্য, এআই প্রযুক্তির বৈশ্বিক উত্থানের অন্যতম প্রধান মুখ হিসেবে পরিচিত জেনসেন হুয়াং গত বৃহস্পতিবার এনভিডিয়ার সিইও পদ থেকে পদত্যাগ করেন। বিবাহবহির্ভূত একাধিক সম্পর্কের তথ্য প্রকাশ্যে আসার পর এ সিদ্ধান্ত নেন তিনি। এসব সম্পর্কের মধ্যে ছিলেন চীনা ব্যবসায়ী অ্যালিস হুয়াং এবং এনভিডিয়ার দুই কর্মী।

এদিকে, অ্যালিস হুয়াংয়ের সঙ্গে চীনের রাষ্ট্রীয় নিরাপত্তা মন্ত্রণালয়ের (এমএসএস) সম্পর্ক কতটা গভীর এবং তিনি বেইজিংয়ের কাছে কোনো তথ্য সরবরাহ করেছেন কি না, তা খতিয়ে দেখার চেষ্টা করছে যুক্তরাষ্ট্রের গোয়েন্দা সংস্থাগুলো। বিষয়টি সম্পর্কে অবগত এমন দুই ব্যক্তির বরাতে এ তথ্য জানিয়েছে রয়টার্স।

তবে জেনসেন হুয়াংকে লক্ষ্য করে কোনো গুপ্তচরবৃত্তির অভিযান পরিচালনার অভিযোগ প্রত্যাখ্যান করেছে চীন।

সর্বশেষ
প্রকাশকঃ অধ্যাপক ড. জোবায়ের আলম
সম্পাদকঃ এডভোকেট মো: গোলাম সরোয়ার
কার্যালয় : বিটিটিসি বিল্ডিং (লেভেল:০৩), ২৭০/বি, তেজগাঁও (আই/এ), ঢাকা-১২০৮, মোবাইল: +88 02-226603507, +88 02-226603508, +880 1736 786915, +880 1300 126 624, ইমেইল: online.bdsangbad@gmail.com (online)
news@bd-sangbad.com, ads@bd-sangbad.com
বাংলাদেশ সংবাদ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত।  অনুমতি ছাড়া এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি ও বিষয়বস্তু অন্য কোথাও প্রকাশ করা বে-আইনী।
Copyright © 2026 The Bangladesh Today. All Rights Reserved.
Host by
linkedin facebook pinterest youtube rss twitter instagram facebook-blank rss-blank linkedin-blank pinterest youtube twitter instagram