ঢাকা
প্রকাশিত : November 18, 2026
আপডেট: November 18, 2026
প্রকাশিত : November 18, 2026

আদালত থেকে বেরিয়ে নিখোঁজ বরিশালের এক জজ

জিহাদ রানা, বরিশাল ব্যুরো: বরিশালের মেহেন্দিগঞ্জ আদালতের সিভিল জজ ফারহান নাদিম রহস্যজনকভাবে নিখোঁজ হয়েছেন। মঙ্গলবার (১৭ নভেম্বর) সন্ধ্যা থেকে তাঁর কোনো হদিস মিলছে না বলে আদালত সূত্রে নিশ্চিত হওয়া গেছে। এ ঘটনায় বরিশাল মেট্রোপলিটন পুলিশের (বিএমপি) কোতোয়ালি মডেল থানায় সাধারণ ডায়েরি (জিডি) করার প্রক্রিয়া চলছে।

বুধবার (১৮ নভেম্বর) জেলা জজ আদালতের নেজারত বিভাগের ভারপ্রাপ্ত বিচারকের পক্ষ থেকে কোতোয়ালি মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তার (ওসি) বরাবর এ বিষয়ে একটি লিখিত আবেদন পাঠানো হয়েছে।

আবেদনের বিবরণ অনুযায়ী, মঙ্গলবার বিকেল সাড়ে পাঁচটার দিকে মেহেন্দিগঞ্জ আদালত প্রাঙ্গণে মাগরিবের নামাজ আদায় শেষে বাসার উদ্দেশে রওনা হন বিচারক ফারহান নাদিম। সন্ধ্যা ছয়টার দিকে তাঁর স্ত্রী আদালতের অফিস সহায়ক নুর আলমকে মুঠোফোনে জানান, বিচারক তখনো বাসায় ফেরেননি। পরবর্তীতে রাত আটটার দিকে তিনি পুনরায় ফোন করে জানান, বিচারক বাসায় ফেরেননি এবং তাঁর ব্যবহৃত মুঠোফোনটিও বন্ধ পাওয়া যাচ্ছে।

খবরটি পাওয়ার পরপরই অফিস সহায়ক নুর আলম বিষয়টি আদালতের পেশকার মো. রাসেলুল হাসানকে অবহিত করেন। এরপর সম্ভাব্য বিভিন্ন স্থানে ব্যাপক খোঁজাখুঁজি করেও তাঁর কোনো সন্ধান পাওয়া যায়নি বলে আবেদনে উল্লেখ করা হয়।

এ বিষয়ে বরিশাল আদালতের পাবলিক প্রসিকিউটর (পিপি) আবুল কালাম আজাদ জানান, মঙ্গলবার সন্ধ্যা সাড়ে পাঁচটার দিকে নগরের প্রাণকেন্দ্র বিবির পুকুরের পশ্চিম পাড়ের সিসিটিভি ক্যামেরার ফুটেজে বিচারক ফারহান নাদিমকে হেঁটে যেতে দেখা গেছে। বিষয়টি নিয়ে ইতোমধ্যে প্রয়োজনীয় আইনগত পদক্ষেপ গ্রহণ করা হয়েছে। তবে এর নেপথ্যে পারিবারিক কোনো কারণ থাকতে পারে বলেও ধারণা প্রকাশ করেন তিনি।

জেলা জজ আদালতের নাজির মাইনুল হোসেন জানান, নিখোঁজের ঘটনায় জিডি নথিভুক্ত করার জন্য তিনি কোতোয়ালি মডেল থানায় গিয়েছিলেন। তবে আবেদনে কিছু প্রাসঙ্গিক তথ্য অসম্পূর্ণ থাকায় সেগুলো সংযোজন করে পুনরায় থানায় জমা দেওয়ার পরামর্শ দেওয়া হয়েছে।

কোতোয়ালি মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মনিরুল ইসলাম বিষয়টির সত্যতা নিশ্চিত করে বলেন, "জিডি করার জন্য আদালতের পক্ষ থেকে একজন প্রতিনিধি থানায় এসেছিলেন। বিষয়টি বর্তমানে প্রক্রিয়াধীন রয়েছে। তবে আনুষ্ঠানিকতার পাশাপাশি পুলিশ ইতোমধ্যেই নিখোঁজ বিচারকের সন্ধানে তৎপরতা ও খোঁজখবর শুরু করেছে।"

সর্বশেষ
প্রকাশকঃ অধ্যাপক ড. জোবায়ের আলম
সম্পাদকঃ এডভোকেট মো: গোলাম সরোয়ার
কার্যালয় : বিটিটিসি বিল্ডিং (লেভেল:০৩), ২৭০/বি, তেজগাঁও (আই/এ), ঢাকা-১২০৮, মোবাইল: +88 02-226603507, +88 02-226603508, +880 1736 786915, +880 1300 126 624, ইমেইল: online.bdsangbad@gmail.com (online)
news@bd-sangbad.com, ads@bd-sangbad.com
বাংলাদেশ সংবাদ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত।  অনুমতি ছাড়া এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি ও বিষয়বস্তু অন্য কোথাও প্রকাশ করা বে-আইনী।
Copyright © 2026 The Bangladesh Today. All Rights Reserved.
Host by
linkedin facebook pinterest youtube rss twitter instagram facebook-blank rss-blank linkedin-blank pinterest youtube twitter instagram