

বিমানে ছারপোকার উপদ্রবের কারণে শনিবার (১০ অক্টোবর) ইতালি থেকে অস্ট্রেলিয়াগামী একটি ফ্লাইট বাতিল করেছে অস্ট্রেলিয়ার বিমান সংস্থা কান্টাস। উড়োজাহাজটি পরিষ্কার করার জন্য সাময়িকভাবে গ্রাউন্ডেড করা হয়। খবর বিবিসির।
শুক্রবার পার্থ থেকে রোমে প্রায় ১৭ ঘণ্টার যাত্রায় কয়েকজন যাত্রী অভিযোগ করেন, পোকামাকড় তাঁদের কামড়াচ্ছে। এ সময় কামড়ের চুলকানি কমাতে যাত্রীদের অ্যান্টিহিস্টামিন ওষুধ দেওয়া হয়। তবে পরে ওষুধের সরবরাহ শেষ হয়ে যায়। সিডনি মর্নিং হেরাল্ডের প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।
কান্টাসের এক মুখপাত্র জানান, বোয়িং ৭৮৭ ড্রিমলাইনার উড়োজাহাজের ইকোনমি শ্রেণির কয়েকটি আসনে ছারপোকার সমস্যা ধরা পড়ে। এ কারণে উড়োজাহাজটি ভালোভাবে পরিষ্কার করার সিদ্ধান্ত নেওয়া হয়।
ফ্লাইট বাতিল হওয়ায় যাত্রীদের কাছে দুঃখ প্রকাশ করেছে বিমান সংস্থাটি। ক্ষতিগ্রস্ত যাত্রীদের থাকার ব্যবস্থা করা হয়েছে এবং মূল যাত্রার নির্ধারিত সময়ের ৪৮ ঘণ্টার মধ্যে বিকল্প ফ্লাইটে তাদের বুকিং দেওয়া হয়েছে।
এদিকে, যুক্তরাজ্যের জাতীয় স্বাস্থ্যসেবা সংস্থা এনএইচএস জানায়, ছারপোকা ছোট, ডানাবিহীন পোকা। এগুলো বিছানা, কাপড় ও আসবাবপত্রে থাকতে পারে। কামড়ের কারণে চুলকানি হলেও সাধারণত গুরুতর স্বাস্থ্যসমস্যা হয় না।
পরিবহন খাতে ছারপোকার উপদ্রবের ঘটনা নতুন নয়। দুই সপ্তাহেরও কম সময় আগে ইংল্যান্ডে ট্রেনের চালকদের কেবিনে ছারপোকা পাওয়ায় সাউথইস্টার্ন রেলওয়ের কয়েকটি ট্রেন চলাচল বাতিল করা হয়।
২০১৭ সালে ভ্যাঙ্কুভার থেকে লন্ডনগামী ব্রিটিশ এয়ারওয়েজের একটি ফ্লাইটে ছারপোকার কামড়ে আক্রান্ত হওয়ার অভিযোগ করেছিল একটি পরিবার।
এ ছাড়া, গত বছর তুর্কিশ এয়ারলাইনসের উড়োজাহাজেও ছারপোকার উপদ্রবের অভিযোগ ওঠে। নিউইয়র্ক টাইমসের এক প্রতিবেদনে এ বিষয়ে একাধিক ঘটনার কথা প্রকাশ করা হয়।

