ঢাকা
৪ঠা মে, ২০২৬ খ্রিস্টাব্দ
দুপুর ১:১৩
প্রকাশিত : মে ৪, ২০২৬
আপডেট: মে ৪, ২০২৬
প্রকাশিত : মে ৪, ২০২৬

পশ্চিমবঙ্গের মসনদে কারা, জানা যাবে আজ

ভারতের পশ্চিমবঙ্গ বিধানসভা নির্বাচনের ভোট গণনা হবে আজ। সোমবার (৪ মে) স্থানীয় সময় সকাল ৮টা থেকে শুরু হবে গণনা। ফলাফল ঘিরে রাজনৈতিক উত্তেজনা রাজ্যের সর্বত্র। জয়ের ব্যাপারে আত্মবিশ্বাসী ভারতীয় জনতা পার্টি (বিজেপি) এবং রাজ্যের বর্তমান ক্ষমতাসীন তৃণমূল কংগ্রেস। যদিও বুথফেরত সমীক্ষাগুলো দিয়েছে মিশ্র বার্তা।

বুথফেরত জরিপগুলোর বেশিরভাগই সামান্য ব্যবধানে তৃণমূলের চেয়ে এগিয়ে রেখেছে বিজেপিকে। তাই যেকোনো সময় বদলে যেতে পারে সমীকরণ। ইতিহাসের সবচেয়ে হাড্ডাহাড্ডি লড়াইয়ের এই নির্বাচনে ছিল রেকর্ডসংখ্যক ভোটারের উপস্থিতি।

২৯৩টি আসনের ভোটগণনা হবে ৭৭টি কেন্দ্রে। সবগুলো কেন্দ্রে রয়েছে তিন স্তরের নিরাপত্তা ব্যবস্থা। পাশাপাশি রয়েছে সহিংসতার শঙ্কাও।

প্রথমে গণনা করা হবে পোস্টাল ব্যালটের ভোট। এরপর খোলা হবে ইলেকট্রনিক ভোটিং মেশিন (ইভিএম)। দুপুর ১২টার মধ্যে জয়–পরাজয়ের গতিপ্রকৃতি জানা যাবে। তবে গণনা পুরোপুরি শেষ হতে কোনো কোনো কেন্দ্রে রাতও হয়ে যেতে পারে।

ভোটগ্রহণ শেষে কড়া নিরাপত্তার মধ্যে ‘স্ট্রং রুমে’ রাখা হয়েছে ব্যালট। ব্যবস্থা করা হয়েছে কড়া নজরদারির। পাহারা দিচ্ছে কেন্দ্রীয় নিরাপত্তা বাহিনী। রাজ্যের বিভিন্ন গণনাকেন্দ্র আলাদাভাবে ‘স্ট্রং রুমের’ বাইরে পাহারা বসিয়েছে তৃণমূল ও বিজেপিও। যদিও নির্বাচন কমিশনকে (ইসি) নিয়ে বিজেপি ইভিএমে ফল জালিয়াতি করতে পারে— এমন আশঙ্কার কথা আগেই জানিয়েছেন তৃণমূল সভানেত্রী ও মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।

ভোট গণনাকেন্দ্রে যেসব দলের ‘কাউন্টিং এজেন্ট (গণনাকারী প্রতিনিধি)’ ঢোকার অনুমতি পাবেন, তাঁদের ‘কিউআর কোড’–সংবলিত পরিচয়পত্র দেওয়া হয়েছে। কোনো ‘কাউন্টিং এজেন্ট’ গণনাকেন্দ্রে মুঠোফোন নিয়ে ঢুকতে পারবেন না। কেবল নির্বাচনী কর্মকর্তাদেরই দেওয়া হয়েছে মুঠোফোন ব্যবহারের অনুমতি।

এদিন বিশেষ নজর থাকবে ভবানীপুরে। এই আসনে লড়েছেন মমতা বন্দ্যোপাধ্যায় ও রাজ্যের বর্তমান বিরোধীদলীয় নেতা শুভেন্দু অধিকারী। তৃণমূলের তারকা প্রার্থীদের মধ্যে কলকাতা বন্দর আসনে ফিরহাদ হাকিম, রাসবিহারীতে দেবাশীষ কুমার, চৌরঙ্গীতে নয়না বন্দ্যোপাধ্যায়, বেলেঘাটায় কুণাল ঘোষ, শ্যামপুকুরে শশী পাঁজা, উত্তর চব্বিশ পরগনার বাগদা আসনে মধুপর্ণা ঠাকুরের ফলের ওপরও বাড়তি নজর থাকবে সবার।

এদিকে বিজেপির অন্য প্রার্থীদের মধ্যে শিবপুরে রুদ্রনীল ঘোষ, আসানসোল দক্ষিণে অগ্নিমিত্রা পাল, নোয়াপাড়ায় অর্জুন সিং, রাজারহাট-গোপালপুরে তরুণজ্যোতি তিওয়ারি, পানিহাটিতে আর জি কর হাসপাতালে খুন হওয়া ছাত্রীর মা রত্না দেবনাথের ফলাফলে চোখ থাকবে সবার।

পাশাপাশি বাম প্রার্থীদের মধ্যে বিকাশ রঞ্জন ভট্টাচার্য, মীনাক্ষী মুখোপাধ্যায় ও সায়নদ্বীপ মিত্র; কংগ্রে্স প্রার্থীদের মধ্যে অধীর চৌধুরী, মৌসুম বেনজীর নূর, শুভংকর সরকার, মনোজ চক্রবর্তী, শাহনাজ বেগম ও আবদুর রাজ্জাক মোল্লা এবং ইন্ডিয়ান সেক্যুলার ফ্রন্টের (আইএসএফ) নওশাদ সিদ্দিকী কেমন ফল করছেন— তা নিয়ে আগ্রহ থাকবে সবার।

উল্লেখ্য, গত ২৩ ও ২৯ এপ্রিল দুই দফায় পশ্চিমবঙ্গ বিধানসভার ২৯৪ আসনে ভোট হয়। প্রথম দফায় ২৩ এপ্রিল ভোট নেওয়া হয় ১৬ জেলার ১৫২ আসনে। দ্বিতীয় দফায় ২৯ এপ্রিল ভোট অনুষ্ঠিত হয় কলকাতাসহ ৭ জেলার ১৪২টি আসনে।

প্রকাশকঃ অধ্যাপক ড. জোবায়ের আলম
সম্পাদকঃ এডভোকেট মো: গোলাম সরোয়ার
কার্যালয় : বিটিটিসি বিল্ডিং (লেভেল:০৩), ২৭০/বি, তেজগাঁও (আই/এ), ঢাকা-১২০৮, মোবাইল: +88 02-226603507, +88 02-226603508, +880 1736 786915, +880 1300 126 624, ইমেইল: online.bdsangbad@gmail.com (online)
news@bd-sangbad.com, ads@bd-sangbad.com
বাংলাদেশ সংবাদ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত।  অনুমতি ছাড়া এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি ও বিষয়বস্তু অন্য কোথাও প্রকাশ করা বে-আইনী।
Copyright © 2026 The Bangladesh Today. All Rights Reserved.
Host by
linkedin facebook pinterest youtube rss twitter instagram facebook-blank rss-blank linkedin-blank pinterest youtube twitter instagram