

তেহরান শান্তি আলোচনা ও সম্ভাব্য চুক্তির বিষয়ে আগ্রহী থাকলেও যুক্তরাষ্ট্রের অঙ্গীকার ভঙ্গ, নৌ-অবরোধ এবং ক্রমাগত হুমকি কার্যকর বৈঠকের পথে বড় বাধা হয়ে দাঁড়িয়েছে বলে মন্তব্য করেছেন ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান।
বুধবার (২২ এপ্রিল) এক অনলাইন বিবৃতিতে তিনি জানান, তেহরান কূটনৈতিক সমাধানের পথেই থাকতে চায়। কিন্তু ওয়াশিংটনের অবরোধ ও ক্রমাগত চাপ প্রয়োগ আলোচনার পরিবেশকে ক্ষতিগ্রস্ত করছে।
পেজেশকিয়ান আরও অভিযোগ করেন, যুক্তরাষ্ট্রের বক্তব্য ও কার্যক্রমের মধ্যে বড় ধরনের অসামঞ্জস্য রয়েছে, যা পারস্পরিক আস্থার সংকট আরও বাড়িয়ে তুলছে।
এদিকে, ইসলামাবাদে আয়োজন করা দ্বিতীয় দফা শান্তি আলোচনায় যুদ্ধবিরতির মেয়াদ শেষের আগমুহূর্তেও যোগ দেয়নি ইরান। তবে, মধ্যস্থতাকারী দেশ হিসেবে পাকিস্তান জানিয়েছে, তারা দুই পক্ষকেই আলোচনায় ফেরাতে চেষ্টা চালিয়ে যাচ্ছে। উভয় পক্ষই ‘ব্যাক চ্যানেল’ কূটনীতির মাধ্যমে সমাধানের পথ খোঁজার চেষ্টা করছে। উত্তেজনাপূর্ণ পরিস্থিতির মধ্যেও আবার আলোচনায় ফিরতে পর্দার আড়ালে যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে যোগাযোগ অব্যাহত রয়েছে বলে দু'পক্ষের একাধিক সূত্র নিশ্চিত করেছেন।
অন্যদিকে, যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প শেষ মুহূর্তে একতরফাভাবে যুদ্ধবিরতির মেয়াদ বাড়ানোর ঘোষণা দেন। এর আগে দুই দেশের প্রথম দফা বৈঠকও কোনো সমঝোতা ছাড়াই শেষ হয়েছিল।

