

মোহাম্মদ ইব্রাহিম, কুবি প্রতিনিধি: কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের (কুবি) লোক প্রশাসন বিভাগের শিক্ষার্থী সুমাইয়া আফরিন ও তার মা তাহমিনা বেগম হত্যা মামলায় একমাত্র আসামি মো. মোবারক হোসেনকে মৃত্যুদণ্ড দিয়েছেন আদালত। একই সঙ্গে তাকে অর্থদণ্ড দেওয়া হয়েছে।
বুধবার (১১ নভেম্বর) দুপুর ১২টার দিকে কুমিল্লার নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল-১ এর বিচারক মো. ইয়াছিন আরাফাত এ রায় ঘোষণা করেন।
মামলার আসামি মোবারক হোসেন (২৯) পেশায় কবিরাজ ও ঝাড়ফুঁকের কাজ করতেন। পাশাপাশি তিনি কুমিল্লা নগরের একটি মসজিদে খাদেম হিসেবে দায়িত্ব পালন করতেন।
যেভাবে ঘটে হত্যাকাণ্ড
মামলার বিবরণ ও তদন্তসংশ্লিষ্ট তথ্য অনুযায়ী, ২০২৫ সালের ৭ সেপ্টেম্বর কুমিল্লা নগরের কালিয়াজুড়ি এলাকার একটি ভাড়া বাসায় সুমাইয়া ও তার মা তাহমিনা বেগমকে হত্যা করা হয়। পরদিন ৮ সেপ্টেম্বর ওই বাসা থেকে তাদের মরদেহ উদ্ধার করে পুলিশ।
সুমাইয়া কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের লোক প্রশাসন বিভাগের ২০২১-২২ শিক্ষাবর্ষের শিক্ষার্থী ছিলেন। তার বয়স ছিল ২৩ বছর। তার মা তাহমিনা বেগমের বয়স ছিল ৫২ বছর।
পুলিশের তদন্তে জানা যায়, ঝাড়ফুঁক ও কবিরাজির সূত্র ধরে মোবারক হোসেনের সঙ্গে সুমাইয়ার পরিবারের পরিচয় হয়। ঘটনার আগে প্রায় এক মাস ধরে তিনি ওই বাসায় যাতায়াত করতেন।
তদন্ত ও আদালতে দেওয়া স্বীকারোক্তিমূলক জবানবন্দির বরাত দিয়ে জানা যায়, ঘটনার দিন সুমাইয়াকে ধর্ষণের চেষ্টা ও নির্যাতনের একপর্যায়ে বিষয়টি তার মা দেখে ফেলেন। পরে প্রথমে তাহমিনা বেগমকে শ্বাসরোধে হত্যা করা হয়। এরপর সুমাইয়াকেও হত্যা করেন মোবারক।
গ্রেপ্তার ও স্বীকারোক্তি
ঘটনার পরপরই আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী অভিযান চালিয়ে মোবারক হোসেনকে গ্রেপ্তার করে। পুলিশের তদন্তে তার বিরুদ্ধে হত্যাকাণ্ডের পাশাপাশি বাসা থেকে মোবাইল ফোন ও ল্যাপটপ চুরির অভিযোগও উঠে আসে।
২০২৫ সালের ৯ সেপ্টেম্বর কুমিল্লার আদালতে ফৌজদারি কার্যবিধির ১৬৪ ধারায় দেওয়া স্বীকারোক্তিমূলক জবানবন্দিতে মোবারক হত্যাকাণ্ডে জড়িত থাকার কথা স্বীকার করেন। পরে আদালতের নির্দেশে তাকে কারাগারে পাঠানো হয়।
অভিযোগপত্র ও বিচারিক কার্যক্রম
মামলার তদন্ত শেষে ২০২৬ সালের ১৪ জুলাই তদন্ত কর্মকর্তা কুমিল্লা কোতোয়ালি মডেল থানার ছত্রখিল পুলিশ ফাঁড়ির ইনচার্জ শরীফ ইবনে আলম আদালতে অভিযোগপত্র দাখিল করেন। নারী ও শিশু নির্যাতন দমন আইন, ২০০০-এর ৯(২) ধারা এবং দণ্ডবিধির ৩০২ ও ৩৮০ ধারায় অভিযোগ আনা হয়।
পরবর্তীতে আদালত অভিযোগপত্র গ্রহণ করে বিচারিক কার্যক্রম শুরু করেন। মামলায় সাক্ষ্যগ্রহণ ও শুনানি শেষে গত ২৭ অক্টোবর যুক্তিতর্ক সম্পন্ন হয়। এরপর ৫ নভেম্বর রায় ঘোষণার দিন ধার্য করা হলেও তা পিছিয়ে ১১ নভেম্বর নতুন তারিখ নির্ধারণ করেন আদালত।
অবশেষে বুধবার (১১ নভেম্বর) নির্ধারিত দিনে আদালত মামলার একমাত্র আসামি মোবারক হোসেনকে মৃত্যুদণ্ডের রায় দেন।
এ ঘটনায় কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীসহ বিভিন্ন মহলে ব্যাপক প্রতিক্রিয়া সৃষ্টি হয়েছিল। হত্যাকাণ্ডের পর থেকেই শিক্ষার্থীরা জড়িত ব্যক্তির সর্বোচ্চ শাস্তির দাবি জানিয়ে আসছিলেন। আলোচিত এই দ্বৈত হত্যাকাণ্ডের রায়ে নিহত সুমাইয়া ও তার মায়ের পরিবারের সদস্যরা ন্যায়বিচার পাওয়ার প্রত্যাশা ব্যক্ত করেছেন।

