ঢাকা
প্রকাশিত : November 15, 2026
আপডেট: November 15, 2026
প্রকাশিত : November 15, 2026

কক্সবাজারে শুরু হচ্ছে তিন মাসব্যাপী পর্যটন কার্নিভাল

জসিম সিদ্দিকী, কক্সবাজার: বিশ্বের দীর্ঘতম প্রাকৃতিক সমুদ্রসৈকত কক্সবাজারকে আন্তর্জাতিক পর্যটন মানচিত্রে আরও আকর্ষণীয় করে তুলতে তিন মাসব্যাপী বর্ণাঢ্য ‘কক্সবাজার পর্যটন কার্নিভাল’-এর আয়োজন করতে যাচ্ছে বাংলাদেশ পর্যটন করপোরেশন।

আগামী ২২ নভেম্বর ২০২৬ থেকে ৩১ জানুয়ারি ২০২৭ পর্যন্ত চলবে এ উৎসব। এতে দেশি-বিদেশি পর্যটকদের জন্য থাকছে নানা ধরনের বিনোদন, সাংস্কৃতিক পরিবেশনা, খেলাধুলা, প্রদর্শনী, সমুদ্রকেন্দ্রিক আয়োজন ও ব্যতিক্রমী অভিজ্ঞতার সুযোগ।

রোববার (১৫ নভেম্বর) কক্সবাজারের হোটেল শৈবালে স্থানীয় সাংবাদিকদের নিয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে কার্নিভালের আয়োজন, কর্মপরিকল্পনা ও বিভিন্ন কার্যক্রমের বিস্তারিত তুলে ধরেন সংশ্লিষ্ট কর্মকর্তারা।

সংবাদ সম্মেলনে জানানো হয়, বাংলাদেশ পর্যটন করপোরেশন আদেশ, ১৯৭২-এর ২(ঙ) ধারা অনুযায়ী কার্নিভালটি সুষ্ঠু ও সফলভাবে বাস্তবায়নের লক্ষ্যে ‘ওয়েলবাউন্ড কমিউনিকেশনস লিমিটেড’কে বাস্তবায়ন সহযোগী হিসেবে দায়িত্ব দেওয়া হয়েছে।

আয়োজকদের প্রত্যাশা, এ কার্নিভাল ঘিরে প্রতিদিন বিপুলসংখ্যক দেশি-বিদেশি পর্যটক ও দর্শনার্থীর সমাগম ঘটবে। তাঁদের বিনোদন, জ্ঞানচর্চা ও রোমাঞ্চকর অভিজ্ঞতার বিষয়টি বিবেচনায় রেখে আয়োজনস্থলকে সাজানো হচ্ছে বিভিন্ন বিশেষায়িত এলাকায়। এর মধ্যে থাকছে শারীরিক ও মানসিক প্রশান্তির ব্যবস্থা, নতুন অভিজ্ঞতা অর্জনের সুযোগ এবং সমুদ্রের সান্নিধ্যে তাঁবুতে রাতযাপনের আয়োজন।

এছাড়া উন্মুক্ত মঞ্চে নিয়মিত সাংস্কৃতিক অনুষ্ঠান ও পরিবেশনা, উন্মুক্ত পাঠাগারে বই পড়া এবং দূরবীক্ষণ যন্ত্রের সাহায্যে রাতের আকাশ পর্যবেক্ষণের সুযোগ থাকবে। পাশাপাশি থাকবে স্থানীয় ও ঐতিহ্যবাহী পণ্যের বাজার, শিল্পকর্ম ও পর্যটনসংশ্লিষ্ট প্রদর্শনী, শিশুদের বিনোদনকেন্দ্র, আধুনিক খেলাধুলার আয়োজন এবং দেশি-বিদেশি নানা পদের খাবারের সমাহার।

কার্নিভালের অন্যতম আকর্ষণ হিসেবে থাকছে ছোট মোটরযানে দৌড় প্রতিযোগিতা, সমুদ্রসৈকতকেন্দ্রিক খেলাধুলা এবং দেশীয় ও ক্ষুদ্র নৃগোষ্ঠীর সাংস্কৃতিক পরিবেশনা। এ ছাড়া বিশেষ মঞ্চে বিভিন্ন সাংস্কৃতিক আয়োজনের পাশাপাশি দেশি-বিদেশি শিল্পীদের অংশগ্রহণে বালুর ভাস্কর্য তৈরি ও প্রদর্শনী এবং দেশের খ্যাতনামা চিত্রশিল্পীদের চিত্রকর্ম প্রদর্শনের ব্যবস্থা রাখা হয়েছে।

পর্যটকদের বাড়তি আকর্ষণ হিসেবে সমুদ্রসৈকতের মনোরম পরিবেশে সরাসরি আগুনে খাবার ঝলসে রান্না ও পরিবেশনের বিশেষ আয়োজন থাকবে। পাশাপাশি হোটেল শৈবালের অভ্যন্তরে অবস্থিত পুকুরের চারপাশে থাকবে দৃষ্টিনন্দন সাজসজ্জা ও বিভিন্ন বিনোদনমূলক কার্যক্রম।

আয়োজকদের প্রত্যাশা, এ কার্নিভালের মাধ্যমে কক্সবাজারে পর্যটকদের আগমন বাড়ার পাশাপাশি তাঁদের অবস্থানের সময়ও দীর্ঘ হবে। এতে স্থানীয় ক্ষুদ্র ব্যবসায়ী, উদ্যোক্তা ও পর্যটনসংশ্লিষ্ট প্রতিষ্ঠানগুলোর ব্যবসা সম্প্রসারণের সুযোগ তৈরি হবে। একই সঙ্গে নতুন কর্মসংস্থান সৃষ্টি এবং স্থানীয় অর্থনীতিতে ইতিবাচক প্রভাব পড়বে বলে মনে করছেন সংশ্লিষ্ট ব্যক্তিরা।

কার্নিভাল সফলভাবে আয়োজনের জন্য স্থানীয় প্রশাসন, গণমাধ্যমকর্মীসহ সর্বস্তরের মানুষের আন্তরিক সহযোগিতা কামনা করেছেন আয়োজকেরা।

সংবাদ সম্মেলনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ পর্যটন করপোরেশনের পরিচালক মো. গনী উল আজম। এ সময় আরও উপস্থিত ছিলেন করপোরেশনের মহাব্যবস্থাপক মোহাম্মদ এহাসানুল করীম, কক্সবাজার পর্যটন কার্নিভালের নিরাপত্তা উপদেষ্টা ক্যাপ্টেন মোহাম্মদ আশিকুর রহমান, বাস্তবায়নকারী প্রতিষ্ঠান ওয়েলবাউন্ড কমিউনিকেশনস লিমিটেডের চেয়ারম্যান গাজী গোলাম সরওয়ার, কক্সবাজার প্রেসক্লাবের সাধারণ সম্পাদক মমতাজ উদ্দিন বাহারি এবং সাংবাদিক ইউনিয়ন কক্সবাজারের সভাপতি ও কক্সবাজার পর্যটন কার্নিভালের গণমাধ্যম সমন্বয়ক নুরুল ইসলাম হেলালীসহ বিভিন্ন পর্যায়ের ঊর্ধ্বতন কর্মকর্তা ও সাংবাদিকেরা।

সংবাদ সম্মেলনে সংশ্লিষ্ট কর্মকর্তারা কার্নিভালের আয়োজন, পরিকল্পনা ও বাস্তবায়নের বিভিন্ন দিক তুলে ধরে সাংবাদিকদের বিভিন্ন প্রশ্নের উত্তর দেন।

সর্বশেষ
প্রকাশকঃ অধ্যাপক ড. জোবায়ের আলম
সম্পাদকঃ এডভোকেট মো: গোলাম সরোয়ার
কার্যালয় : বিটিটিসি বিল্ডিং (লেভেল:০৩), ২৭০/বি, তেজগাঁও (আই/এ), ঢাকা-১২০৮, মোবাইল: +88 02-226603507, +88 02-226603508, +880 1736 786915, +880 1300 126 624, ইমেইল: online.bdsangbad@gmail.com (online)
news@bd-sangbad.com, ads@bd-sangbad.com
বাংলাদেশ সংবাদ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত।  অনুমতি ছাড়া এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি ও বিষয়বস্তু অন্য কোথাও প্রকাশ করা বে-আইনী।
Copyright © 2026 The Bangladesh Today. All Rights Reserved.
Host by
linkedin facebook pinterest youtube rss twitter instagram facebook-blank rss-blank linkedin-blank pinterest youtube twitter instagram