

ঘোড়াঘাট (দিনাজপুর) প্রতিনিধি: দিনাজপুরের ঘোড়াঘাটে রফিকুল ইসলাম তালুকদার রুবেল (৫০) নামের এক মালয়েশিয়া প্রবাসীর লাশ উদ্ধার করেছে পুলিশ। তার বাম চোখে আঘাতের চিহ্ন দেখে গলায় ফাঁস দিয়ে শ্বাসরোধে হত্যা করা হয়েছে বলে প্রাথমিকভাবে ধারণা করছে পুলিশ। তবে হত্যার কারণ ও জড়িত ব্যক্তিদের পরিচয় এখনো সনাক্ত হয়নি বলে জানা গেছে।
শনিবার রাত আনুমানিক সাড়ে ১০ টার দিকে উপজেলার বিরাহিপুর গুচ্ছগ্রামের কাচারি এলাকায় নিজ বাড়ির দরজার সামনে তাঁর মরদেহ পড়ে থাকতে দেখে পুলিশকে খবর দিলে পুলিশ লাশ উদ্ধার করে থানায় নিয়ে যায়। নিহত রফিকুল ইসলাম রুবেল ওই এলাকার সাইফুদ্দিন তালুকদারের ছেলে।
পুলিশ ও নিহতের আত্মীয় সূত্রে জানা গেছে, তিনি দীর্ঘ নয় বছর মালয়েশিয়ায় থাকার পর প্রায় দেড় বছর আগে দেশে ফিরে আসেন। বিগত ছয় মাস পুর্বে তার স্ত্রীর সঙ্গে বিবাহবিচ্ছেদ হয়। তাদের দুটি মেয়ে রয়েছে। বিচ্ছেদের পর দুই মেয়েকে নিয়ে তার সাবেক স্ত্রী বাবার বাড়িতে চলে যান। এরপর থেকে রুবেল নিজ বাড়িতে একা বসবাস করতেন। তবে নিয়মিত বড় ভাই সাইদুল ইসলামের বাড়িতে খাওয়া দাওয়া করতেন তিনি।
নিহতের বড় ভাই সাইদুল ইসলাম জানান, ঘটনার দিন রাতে খাবার খেতে না আসায় রুবেলকে কয়েকবার ফোন করে তার সঙ্গে যোগাযোগ করা সম্ভব হয়নি। পরে তিনি খোঁজ নিতে গিয়ে বাড়ির দরজা খোলা দেখতে পান। আশপাশে ও বাড়ির পাশের আঙুর বাগানে খোঁজাখুঁজি করেও তাকে না পেয়ে ফিরে আসার সময় বাড়ির দরজার সামনে মরদেহ পড়ে থাকতে দেখেন। এরপর তার চিৎকারে স্বজন ও প্রতিবেশীরা ছুটে এসে পুলিশকে খবর দেন।
এ ঘটনার বিষয়ে ঘোড়াঘাট-হাকিমপুর সার্কেলের দায়িত্বে থাকা বিরামপুর সার্কেলের সহকারী পুলিশ সুপার হারেজ উদ্দিন জানান, কী কারণে এবং কারা এ হত্যাকাণ্ড ঘটিয়েছে, তা খতিয়ে দেখা হচ্ছে। রোববার সকালে লাশ ময়নাতদন্তের জন্য দিনাজপুর মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।
