

গাজীপুর প্রতিনিধি: গাজীপুরে সড়ক পারাপারের সময় অজ্ঞাত একটি গাড়ির চাপায় গৌরী রানী (৬৫) নামে এক নারী নিহত হয়েছেন। বুধবার সকালে মহানগরীর রাজবাড়ি রোডের রেল ক্রসিং এলাকায় ওই দুর্ঘটনা ঘটে।
নিহত গৌরী রানী ঢাকার গেন্ডারিয়া এলাকার নারায়ণ চন্দ্র দাসের স্ত্রী। বর্তমানে তিনি সন্তানদের সঙ্গে গাজীপুর মহানগরীর বোর্ডবাজার এলাকায় বসবাস করতেন।
পুলিশ ও নিহতের পরিবারের সদস্যরা জানান, বুধবার সকাল সাড়ে ৮টার দিকে গৌরী রানী ওষুধ কেনার জন্য বোর্ডবাজার থেকে গাজীপুর শহরের দিকে আসেন। পরে রাজবাড়ি রোডের রেল ক্রসিং এলাকায় সড়ক পার হওয়ার সময় অজ্ঞাত একটি গাড়ি তাকে চাপা দিয়ে দ্রুত চলে যায়। এতে তিনি গুরুতর আহত হন।
পরে পুলিশ ও স্থানীয় লোকজন তাকে উদ্ধার করে গাজীপুর শহীদ তাজউদ্দীন আহমদ মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
গাজীপুর সদর থানার ওসি আমিনুল ইসলাম জানান, দুর্ঘটনার পর আহত নারীকে উদ্ধার করে হাসপাতালে নেয়া হলে চিকিৎসক মৃত ঘোষণা করেন। অজ্ঞাত গাড়িটি শনাক্ত ও আইনগত ব্যবস্থা নেয়ার প্রক্রিয়া চলছে।

