

মোঃএনামুল হক, পঞ্চগড় প্রতিনিধি: পঞ্চগড় পৌর শহরের তুলারডাঙ্গা এলাকায় রাস্তার পাশের একটি খাল থেকে রেজাউল করিম রেজা (৪০) নামে এক কম্পিউটার কম্পোজ দোকান মালিকের মরদেহ উদ্ধার করেছে পঞ্চগড় সদর থানা পুলিশ।
তিনি গত মঙ্গলবার রাতে দোকান বন্ধ করে বাড়ি ফেরেন। বাড়ি যাওয়ার পর পরিবারের সাথে রাগ করে আবার বাসা থেকে বের হন। আজ সকালে পথচারীরা রাস্তা দিয়ে চলাচল করার সময় তাঁর নিথর মরদেহ পড়ে থাকতে দেখেন। পড়ে এলাকাবাসী ঘটনাস্থলে এসে মরদেহের পরিচয় সনাক্ত করেন এবং পুলিশে খবর দেন। চাঞ্চল্যকর এই মৃত্যুর রহস্য উদঘাটনে মাঠে নেমেছে পুলিশ ও সিআইডির একটি বিশেষ টিম।
নিহত ব্যক্তির নাম রেজাউল করিম রেজা (৪০) ঠাকুরগাঁও জেলার ভেলাজান এলাকার মোস্তফা কামালের ছেলে। তিনি দীর্ঘদিন ধরে পঞ্চগড় পৌরসভার রাজনগর এলাকায় পরিবার নিয়ে নিজস্ব বাড়ি তৈরি করে বসবাস করছিলেন। সদর থানার সামনে তাঁর একটি কম্পিউটার কম্পোজের দোকান রয়েছে।
পারিবারিক সূত্রে জানা যায়, গত মঙ্গলবার রাত ১১টার দিকে পারিবারিক কোনো কারণে ক্ষুব্ধ হয়ে বাড়ি থেকে বের হয়ে যান রেজাউল। এরপর সারা রাত আর বাড়ি ফিরে আসেননি। আজ বুধবার সকালে স্থানীয় বাসিন্দারা তুলারডাঙ্গা এলাকায় রাস্তার পাশের একটি খালে বাগানে তাঁর মরদেহ পড়ে থাকতে দেখে পুলিশে খবর দেন।
খবর পেয়ে পঞ্চগড় থানা পুলিশ ও অপরাধ তদন্ত বিভাগের (সিআইডি) সদস্যরা দ্রুত ঘটনাস্থলে পৌঁছান। তাঁরা ঘটনাস্থল থেকে আলামত সংগ্রহ ও সুরতহাল প্রতিবেদন প্রস্তুত শেষে লাশ ময়নাতদন্তের জন্য পঞ্চগড় আধুনিক সদর হাসপাতাল মর্গে প্রেরণ করেন।
এ বিষয়ে পঞ্চগড় সদর সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার শইমী ইমতিয়াজ সংবাদমাধ্যমকে জানান, খবর পাওয়ার পরপরই পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করে মরদেহটি উদ্ধার করেছে। প্রাথমিকভাবে সুরতহাল শেষে ময়নাতদন্তের জন্য লাশ মর্গে পাঠানো হয়েছে। মৃত্যুর সঠিক কারণ উদ্ঘাটনে তদন্ত কার্যক্রম চলমান রয়েছে। এবং তদন্ত শেষে প্রয়োজনীয় আইনি ব্যবস্থা নেওয়া হবে বলে জানিয়েছেন। এ রিপোর্ট লিখা পর্যন্ত থানায় কেউ কোন মামলা দায়ের করেনি।

