

কলাপাড়া (পটুয়াখালী) প্রতিনিধি: পটুয়াখালীর কলাপাড়ায় বিআরটিসি বাসের চাকায় পিষ্ট হয়ে মাহিন (৬) নামে এক শিশু শিক্ষার্থীর মর্মান্তিক মৃত্যু হয়েছে। সোমবার দুপুরে কুয়াকাটা-কলাপাড়া মহাসড়কের হাজিপুর বাজার সংলগ্ন এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
নিহত মাহিন লতাচাপলী ইউনিয়নের মুসুল্লীয়াবাদ গ্রামের মহিউদ্দিন বিশ্বাসের ছেলে এবং দক্ষিণ মুসুল্লিয়াবাদ সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিশু শ্রেণির শিক্ষার্থী ছিলেন।
স্থানীয় সূত্রে জানা যায়, মাহিন তার নানা-নানির সঙ্গে বরিশালে খালার বাড়ি যাওয়ার জন্য মহাসড়কে অপেক্ষা করছিল। এসময় কুয়াকাটা থেকে আসা একটি বিআরটিসি বাস (ঢাকা মেট্রো-ব ১৫-৬৪৩৫) থামানোর সংকেত দিলে চালক নিয়ন্ত্রণ হারিয়ে ফেলে। মুহূর্তেই বাসের চাকায় পিষ্ট হয়ে ঘটনাস্থলেই মাহিনের মৃত্যু হয়।
কলাপাড়া থানার ওসি নজরুল ইসলাম বলেন, বাসের চালককে জিজ্ঞাসাবাদের জন্য থানায় নিয়ে আসা হয়েছে। পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে।

