

পটুয়াখালীতে বাস-অ্যাম্বুলেন্স সংঘর্ষে মো. শাকিল (২১) নামে এক রোগীর মৃত্যু হয়েছে। এ ঘটনায় আহত হয়েছেন ইউসুফ ও রুমা নামে আরও দুইজন।
শুক্রবার (১১ সেপ্টেম্বর) বিকেল ৪ টার দিকে পটুয়াখালী-কুয়াকাটা মহাসড়কের পায়রা পেট্রোল পাম্পের সামনে এ দুর্ঘটনা ঘটে।
নিহত শাকিল গলাচিপা উপজেলার আমখোলা ইউনিয়নের ১ নম্বর ওয়ার্ডের দরিবাহের চর এলাকার আবুল কালাম সরদারের ছেলে।
স্থানীয়রা জানান, অভিমানে শাকিল বিষপান করেন। তাকে উন্নত চিকিৎসার জন্য অ্যাম্বুলেন্সে করে গলাচিপা থেকে পটুয়াখালী ২৫০ শয্যা হাসপাতালে নেওয়া হচ্ছিল। পথিমধ্যে পায়রা পেট্রোল পাম্পের সামনে বিপরীত দিক থেকে আসা কুয়াকাটাগামী একটি বাসের সঙ্গে অ্যাম্বুলেন্সটির মুখোমুখি সংঘর্ষ হয়। এতে শাকিলসহ তিনজন আহত হন। পরে গুরুতর আহত শাকিলকে পটুয়াখালী ২৫০ শয্যাবিশিষ্ট হাসপাতালে নেওয়া হলে দায়িত্বরত চিকিৎসক শাকিলকে মৃত ঘোষণা করেন।
পটুয়াখালী সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মনিরুজ্জামান জানান, শাকিলের মরদেহ ময়নাতদন্তের জন্য পটুয়াখালী ২৫০ শয্যাবিশিষ্ট হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।

