

চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি: চাঁপাইনবাবগঞ্জ সীমান্ত দিয়ে ৭ জন ব্যক্তিকে বাংলাদেশে পুশ-ইনের চেষ্টা করেছে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ)। তবে বিজিবির বাধায় তাদের বাংলাদেশে প্রবেশ করানো সম্ভব হয়নি।
নঁওগা ১৬ বিজিবি ব্যটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল আরিফুল ইসলাম মাসুম দুপুরে এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য নিশ্চিত করেছেন।
আজ শুক্রবার (২৪ জুলাই) সকাল আনুমানিক ভোর সাড়ে ৬টার দিকে নওগাঁ ব্যাটালিয়ন (১৬ বিজিবি)-এর অধীন চাড়ালডাঙ্গা বিওপির দায়িত্বপূর্ণ এলাকার আর্ন্তজাতিক সীমান্ত পিলার ২১৯/২৪-আর এর নিকট এ ঘটনা ঘটে।
বিজিবি জানায়, ভারতের ১২ ব্যাটালিয়ন বিএসএফের টিলাশন ক্যাম্পের সদস্যরা ৭জন পুরুষকে বাংলাদেশের অভ্যন্তরে পুশ-ইনের চেষ্টা করে। খবর পেয়ে চাড়ালডাঙ্গা বিওপির একটি টহল দল ঘটনাস্থলে পৌঁছে সীমান্তের শূন্য লাইনের ভারতীয় অংশে অবস্থানরত ওই সাতজনকে শনাক্ত করে এবং তাদের বাংলাদেশে প্রবেশে বাধা দেয়। পরে সীমান্তের নিকটবর্তী কাঁটাতারবিহীন অংশ দিয়ে তাদের ভারতীয় ভূখণ্ডে ফেরত পাঠানো হয়। বর্তমানে তারা ভারতের অভ্যন্তরে অবস্থান করছে বলে জানিয়েছে বিজিবি।
১৬ বিজিবি ব্যটালিয়নের অধিনায়ক আরও জানিয়েছেন, সীমান্ত পরিস্থিতি স্বাভাবিক রয়েছে এবং এ বিষয়ে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হয়েছে।

