

টাঙ্গাইল প্রতিনিধি: টাঙ্গাইলের বাসাইলে ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে অজ্ঞাতনামা গাড়ির ধাক্কায় শফিকুল ইসলাম খানশূর (৫০) নামের এক পথচারী নিহত হয়েছেন।
বৃহস্পতিবার (২৩ জুলাই) ভোর রাতে বাসাইল থানাধীন করাতিপাড়া বাইপাসের যমুনামুখী সার্ভিস লেনে এ দুর্ঘটনা ঘটে।
নিহত শফিকুল ইসলাম খানশূর বাসাইল পৌরসভার ৩নং ওয়ার্ডের জড়াশাহীবাগ এলাকার মৃত কামদার আলী খানশূর ও মৃত হাসনা ভানু দম্পতির ছেলে। তিনি চট্টগ্রামে জাহাজে চাকরি করতেন।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, ভোরে রাস্তা পারাপারের সময় একটি অজ্ঞাতনামা গাড়ি তাকে পেছন থেকে সজোরে ধাক্কা দেয়। এতে তিনি রাস্তায় ছিটকে পড়ে ঘটনাস্থলেই মারা যান।
এ বিষয়ে বাসাইল থানার অফিসার ইনচার্জ (ওসি) বলেন, উক্ত ঘটনার সংবাদ পাওয়ার সঙ্গে সঙ্গে বাসাইল থানা পুলিশ এবং গোড়াই হাইওয়ে থানা পুলিশ দ্রুত ঘটনাস্থলে উপস্থিত হয়ে মৃতদেহ নিজেদের হেফাজতে নেয়। এ ঘটনায় আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলমান রয়েছে।

