

ধামইরহাট (নওগাঁ) প্রতিনিধি: নওগাঁর ধামইরহাট উপজেলায় ছোট যমুনা নদীতে পড়ে নিখোঁজের প্রায় ৩০ ঘন্টা পর তিশা মন্ডল (১০) নামে এক প্রতিবন্ধী শিশুর মরদেহ উদ্ধার করা হয়েছে।
মঙ্গলবার (২১ জুলাই) দুপুরে পার্শ্ববর্তী বদলগাছী উপজেলার মথুরাপুর ইউনিয়নের জাবারিপুর এলাকার নদী থেকে তার মরদেহ উদ্ধার করা হয়। সে ধামইরহাট উপজেলার ইসবপুর ইউনিয়নের বাজার এলাকার পুলক মন্ডলের বড় মেয়ে।
জানা যায়, গত সোমবার সকালে মা পুতুল মন্ডলের সঙ্গে গোপালগঞ্জ জেলায় নানার বাড়িতে বেড়াতে যাচ্ছিলো শিশু তিশা মন্ডল। বাড়ি থেকে বের হয়ে উপজেলার ইসবপুর ব্রিজের ওপরে অটোভ্যানের জন্য অপেক্ষা করছিল মা পুতুল মন্ডল। এমন সময়ে তিশা মন্ডল ব্রিজের পাশে ছোট যমুনা নদীর ঘাটে পা ধুতে গিয়ে অসাবধানতাবশত ঘাট থেকে নদীতে পড়ে যায়। পরে স্থানীয় এলাকাবাসী ও ফায়ার সার্ভিসের সহযোগিতায় নদীতে উদ্ধার অভিযান পরিচালনা করা হয়। দীর্ঘ সময়ে তল্লাশি চালিয়েও তার কোন সন্ধান পাওয়া যায়নি। প্রায় ৩০ ঘন্টা পর তিশা মন্ডলের মরদেহ বদলগাছী উপজেলার মথুরাপুর ইউনিয়নের জাবারিপুর এলাকার নদীতে ভেসে ওঠে। খবর পেয়ে সেখান থেকে মরদেহ উদ্ধার করেন থানা পুলিশ।
ধামইরহাট থানার অফিসার ইনচার্জ (ওসি) মিন্টু রহমান জানান, সোমবার নদীতে পড়ে যাওয়ার পর মেয়েকে অনেক খোঁজাখুঁজি করে সন্ধান না পেলে শিশুটির মা ও বাবা বিকেলে থানায় এসে একটি সাধারণ ডায়েরি করেছেন।

