

ইয়াহিয়া খান রুবেল, গোমস্তাপুর (চাঁপাইনবাবগঞ্জ) প্রতিনিধি: চাঁপাইনবাবগঞ্জের নাচোল থানাকে উদ্দেশ্য করে সামাজিক যোগাযোগ মাধ্যমে একটি এআই বা ডিজিটালভাবে সম্পাদিত বলে দাবি করা ছবি ভাইরাল হওয়ায় এলাকাজুড়ে ব্যাপক আলোচনার ও সমালোচনার সৃষ্টি হয়েছে।
গতকাল সোমবার চাঁপাইয়ের ছেলে ফেসবুক আইডি থেকে ভাইরাল হওয়া ছবিতে দেখা যায়, নাচোল থানার ওসির কক্ষে এক যুবক চেয়ারে বসে আছেন এবং তার চারপাশে কয়েকজন পুলিশ সদস্য হাতজোড় করে দাঁড়িয়ে আছেন। ছবিটি সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ার পর অনেকেই এটিকে বিভ্রান্তিকর ও পুলিশ বাহিনীর ভাবমূর্তি ক্ষুণ্ন করার অ'পচেষ্টা বলে মন্তব্য করছেন।
স্থানীয় সচেতন মহল এ ধরনের ছবি তৈরি ও প্রচারকারী'র বিরুদ্ধে তদন্তপূর্বক আইনগত ব্যবস্থা গ্রহণের দাবি জানিয়েছেন। তাদের মতে, কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) বা ডিজিটাল প্রযুক্তি ব্যবহার করে কোনো ব্যক্তি বা রাষ্ট্রের গুরুত্বপূর্ণ প্রতিষ্ঠানকে নিয়ে বিভ্রান্তিকর কনটেন্ট তৈরি ও প্রচার জনমনে বিভ্রান্তি সৃষ্টি করেছে।
নাচোল থানা পুলিশ সূত্রে জানা যায়, ইতোমধ্যে গোপন সংবাদের ভিত্তিতে ফেসবুক ব্যবহারকারী পারভেজ (১৫) কে রাত ২ টায় তার পার্শ্ববর্তী চাচার বাড়ী থেকে নাচোল থানা পুলিশ গ্রেফতার করেছে।
নাচোল থানার অফিসার ইনচার্জ (ওসি) সুকোমল চন্দ্র দেবনাথ এর সাথে যোগাযোগ করা হলে তিনি বলেন, পুলিশ প্রশাসনকে জনগণের কাছে হেয় প্রতিপন্ন করার একটি অপচেষ্টা। গ্রেফতারকৃত পারভেজ (১৫) এর বিরুদ্ধে সর্বোচ্চ আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।
এ বিষয়ে অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন, অর্থ ও মিডিয়া সেল) এর সাথে যোগাযোগ করা হলে তিনি জানান, পুলিশের ভাবমূর্তি ক্ষুন্ন করার এটি একটি অপচেষ্টা। যেহেতু পারভেজকে গ্রেফতার করতে আমরা সক্ষম হয়েছি সেহেতু তার বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।

