

তিতাস (কুমিল্লা) প্রতিনিধি: কুমিল্লার তিতাস উপজেলায় গোমতী নদীতে গোসল করতে নেমে নিখোঁজ হওয়া মাদ্রাসা শিক্ষার্থী শিশু মিরাজের লাশ ৪ ঘণ্টা পর উদ্ধার করেছে স্থানীয় ডুবুরি দল। রবিবার (২১ জুন) দুপুরে এ মর্মান্তিক ঘটনা ঘটে।
নিহত শিশু মিরাজ (১০) উপজেলার নারান্দিয়া ইউনিয়নের বালুয়াকান্দি পশ্চিম পাড়ার সৌদি প্রবাসী মোশাররফ হোসেন ওরফে মিয়ার বড় ছেলে। সে কুমিল্লার এক মাদ্রাসার চতুর্থ শ্রেণির শিক্ষার্থী ছিলো।
ফায়ার সার্ভিস ও স্থানীয় সূত্রে জানা গেছে, রবিবার দুপুরে বালুয়াকান্দি বাঙালি পাড়া এলাকায় নিখোঁজ মিরাজসহ আরো কয়েকজন শিশু গোমতী নদীতে গোসল করতে আসে। গোসলের এক পর্যায়ে সাঁতার না জানা মিরাজ ডুবে যায়। তাদের সঙ্গে থাকা অন্য শিশুরা দৌড়ে গিয়ে পরিবারকে জানালে স্থানীয় বাসিন্দারা নিজেদের উদ্যোগে নদীতে দীর্ঘক্ষণ ব্যাপক খোঁজাখুঁজি করেন। তবে তার কোনো সন্ধান না পেয়ে পরবর্তীতে ফায়ার সার্ভিসকে খবর দেওয়া হয়। খবর পেয়ে দাউদকান্দি উপজেলার ফায়ার সার্ভিসের একটি দল ও ডুবুরি দ্রুত ঘটনাস্থলে পৌঁছে আনুষ্ঠানিক উদ্ধার অভিযান শুরু করে। পরে প্রায় ৪ ঘণ্টা তল্লাশি চালানোর পর বিকেলের দিকে শিশু মিরাজের লাশ স্থানীয় ডুবুরিরা উদ্ধার করে।
তিতাস থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মমিরুল হক বলেন, “ফায়ার সার্ভিসের ডুবুরি দল ও স্থানীয় ডুবুরিরা নিখোঁজ শিশু মিরাজের লাশ উদ্ধার করেছে। প্রয়োজনীয় আইনগত প্রক্রিয়া শেষে লাশ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।”

