ঢাকা
৫ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ
রাত ৮:৫১
প্রকাশিত : জুন ৫, ২০২৬
আপডেট: জুন ৫, ২০২৬
প্রকাশিত : জুন ৫, ২০২৬

ব্রাহ্মণবাড়িয়ায় পৃথক সড়ক দুর্ঘটনায় মা-ছেলেসহ ৪ জন নিহত

সরাইল (ব্রাহ্মণবাড়িয়া) প্রতিনিধি: ব্রাহ্মণবাড়িয়ায় পৃথক সড়ক দুর্ঘটনায় মা-ছেলে সহ ৪ জন নিহত হয়েছে। শুক্রবার সকালে ব্রাহ্মণবাড়িয়া সদর ও সরাইল উপজেলায় এই সড়ক দুর্ঘটনা ঘটে।

ব্রাহ্মণবাড়িয়ায় পিকআপ ভ্যান ও সিএনজি সংঘর্ষে মা-ছেলেসহ তিনজন নিহত হয়েছেন। শুক্রবার (৫ জুন) সকাল ৯টার দিকে সদর উপজেলার রামরাইল ইউনিয়নের বিয়াল্লিশহর এলাকার এ ঘটনা ঘটে।

নিহতরা হলেন- অটোরিকশাচালক মাহবুব (৪৫), অটোরিকশা যাত্রী জোসনা বেগম (৪০) ও তার ছেলে আশরাফুল (৫)। এ ঘটনায় আহত হয়েছেন জোসনার স্বামী কাউসার (৫০) ও তার মেয়ে আদিবা (৪)। তাদের বাড়ি জেলার কসবা উপজেলার মূলগ্রাম ইউনিয়নের বাহাদুরপুর গ্রামে।

পুলিশ সূত্রে জানা গেছে, সকালে কসবা থেকে সিএনজিচালিত অটোরিকশায় করে স্ত্রী-সন্তানদের নিয়ে সরাইল-বিশ্বরোড যাচ্ছিলেন কাউসার। পথিমধ্যে বিয়াল্লিশহর এলাকায় পৌঁছালে পেছন থেকে একটি মাছভর্তি পিকআপ ভ্যান অটোরিকশাটিকে ধাক্কা দেয়। এতে গুরুতর আহত হন অটোরিকশার যাত্রীরা। পরে তাদেরকে উদ্ধার করে জেলা সদর হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক তিনজনকে মৃত ঘোষণা করেন। এ ঘটনায় আহতদেরকে ব্রাহ্মণবাড়িয়া জেনারেল হাসপাতালে থেকে উন্নত চিকিৎসার জন্য ঢাকা মেডিকেলে পাঠানো হয়েছে।

খাঁটিহাতা হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আবু তাহের জানান, খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। তবে দুর্ঘটনার পরপরই ঘাতক পিকআপ ভ্যানচালক ও সহযোগী পালিয়ে যাওয়ায় তাদেরকে আটক করা যায়নি।

এছাড়াও ব্রাহ্মণবাড়িয়ার সরাইলে ঢাকা সিলেট মহাসড়কে প্রাইভেটকার ও সিএনজিচালিত অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে মো: অলি মিয়া (৫৫) নামে এক ব্যক্তি নিহত হয়েছেন।

শুক্রবার (৫ জুন) সকাল ৬টার দিকে উপজেলার বাড়িউড়া এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহত অলি মিয়া উপজেলার পানিশ্বর ইউনিয়নের বরইবাড়ি গ্রামের মোহাম্মদ ইদন মিয়ার ছেলে।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, শুক্রবার সকাল ৬টার দিকে উপজেলার বারিউড়া এলাকায় ঢাকা-সিলেট মহাসড়কে মাধবপুরগামী একটি সিএনজিচালিত অটোরিকশার সঙ্গে বিপরীত দিক থেকে আসা দ্রুতগতির একটি প্রাইভেটকার মুখোমুখি সংঘর্ষের ঘটনা ঘটে। সংঘর্ষে সিএনজিটি দুমড়ে-মুচড়ে যায় এবং এতে অটোরিকশার যাত্রী অলি মিয়া গুরুতর আহত হন। পরে স্থানীয় লোকজন তাকে উদ্ধার করে সরাইল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

খবর পেয়ে খাঁটিহাতা হাইওয়ে থানা পুলিশ ঘটনাস্থলে পৌঁছে মরদেহ উদ্ধার করে। এ ঘটনায় দুর্ঘটনা কবলিত সিএনজিচালিত অটোরিকশা ও প্রাইভেটকারটি জব্দ করেছে পুলিশ।

বিষয়টি নিশ্চিত করে সরাইল খাঁটিহাতা হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আবু তাহের দেওয়ান বলেন, দুর্ঘটনার পর মরদেহ উদ্ধার করা হয়েছে। এ ঘটনায় প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে।

মোঃ আলমগীর মিয়া

সর্বশেষ
প্রকাশকঃ অধ্যাপক ড. জোবায়ের আলম
সম্পাদকঃ এডভোকেট মো: গোলাম সরোয়ার
কার্যালয় : বিটিটিসি বিল্ডিং (লেভেল:০৩), ২৭০/বি, তেজগাঁও (আই/এ), ঢাকা-১২০৮, মোবাইল: +88 02-226603507, +88 02-226603508, +880 1736 786915, +880 1300 126 624, ইমেইল: online.bdsangbad@gmail.com (online)
news@bd-sangbad.com, ads@bd-sangbad.com
বাংলাদেশ সংবাদ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত।  অনুমতি ছাড়া এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি ও বিষয়বস্তু অন্য কোথাও প্রকাশ করা বে-আইনী।
Copyright © 2026 The Bangladesh Today. All Rights Reserved.
Host by
linkedin facebook pinterest youtube rss twitter instagram facebook-blank rss-blank linkedin-blank pinterest youtube twitter instagram