

ফরিদপুরের ভাঙ্গা উপজেলার দরগা বাজার এলাকায় আড়িয়াল খাঁ নদী থেকে নির্মল মালো (৬০) নামের এক জেলের লাশ উদ্ধার করেছে ভাঙ্গা থানা পুলিশ।
শুক্রবার (১ মে) সন্ধ্যায় আড়িয়াল খাঁ নদী থেকে পুলিশ মরদেহটি উদ্ধার করে।
নির্মল মালোর বাড়ি ভাঙ্গা উপজেলার ঘারুয়া গ্ৰামে। তিনি ঐ এলাকার খেত্তর মালোর ছেলে।
এর আগে বুধবার (২৯ এপ্রিল) সকালে নদীতে মাছ ধরার উদ্দেশ্যে বাড়ি থেকে বের হয়ে নিখোঁজ হন তিনি। এ ঘটনায় নিখোঁজের স্ত্রী রিনা মালো বাদী হয়ে ভাঙ্গা থানায় একটি সাধারণ ডায়রি করেছিলেন।
এ বিষয়ে ভাঙ্গা থানার এসআই মশিউর রহমান বলেন, আড়িয়াল খাঁ নদী দিয়ে মরদেহটি ভেসে যেতে দেখে স্থানীয়রা পুলিশে খবর দেয়। আমরা মৃতদেহটি উদ্ধার করি। শনিবার(২ মে) সকালে মরদেহটি ময়নাতদন্তের জন্য ফরিদপুর মর্গে প্রেরণ করা হবে। এ ঘটনায় পরবর্তীতে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।

