

কেরাণীগঞ্জ প্রতিনিধি: রাজধানীর দক্ষিণ কেরাণীগঞ্জ এলাকায় চীনা নাগরিককে কুপিয়ে গুরুতর জখম ও ডাকাতির ঘটনায় জড়িত একটি সংঘবদ্ধ চক্রের পাঁচ সদস্যকে গ্রেফতার করেছে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব-১০)। বৃহস্পতিবার (১৬ এপ্রিল) দুপুরে এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য নিশ্চিত করা হয়।
র্যাব জানায়, গত ১৪ এপ্রিল ইয়াং জি জিয়াং প্রকল্পে ১৫-১৬ জনের একটি সংঘবদ্ধ ডাকাত দল প্রবেশ করে নগদ অর্থ, মোবাইল ফোন, দামি ঘড়িসহ বিভিন্ন মূল্যবান সামগ্রী লুট করে। এ সময় ওয়েন জিনহুয়া (৫৫) নামে এক চীনা নাগরিককে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে গুরুতর আহত করা হয়। বর্তমানে তিনি হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।
ঘটনার পরপরই র্যাব-১০ দ্রুত অভিযান চালিয়ে লুণ্ঠিত মালামালের মধ্যে ৩টি বিদেশি ব্র্যান্ডের ঘড়ি, ২টি মোবাইল ফোন এবং নগদ ১৫ হাজার ৭০০ টাকা উদ্ধার করে। একই সঙ্গে মাসুদ রানা (৪৩), নাছির পিয়াদা (৪০), হৃদয় মীর (২২), রোমান শেখ (৩৪) ও মো. মামুন (৩২) নামে ডাকাত দলের পাঁচ সক্রিয় সদস্যকে গ্রেফতার করা হয়।
গ্রেফতারকৃতদের মধ্যে কয়েকজনের বিরুদ্ধে দেশের বিভিন্ন থানায় একাধিক মামলা রয়েছে বলে জানিয়েছে র্যাব। এ ঘটনায় কেরাণীগঞ্জ থানায় ডাকাতি মামলা দায়ের করা হয়েছে।
আইনশৃঙ্খলা বাহিনী জানিয়েছে, এ ঘটনায় জড়িত অন্যান্য আসামিদের গ্রেফতারে অভিযান অব্যাহত রয়েছে।

