

টাঙ্গাইল প্রতিনিধি: টাঙ্গাইলের কালিহাতীতে প্রাইভেটকার-অটোভ্যানের মুখোমুখি সংঘর্ষে দুইজন নিহত হয়েছে। রোববার দুপুরে ঢাকা-টাঙ্গাইল-যমুনা সেতু মহাসড়কের উপজেলার জোকারচর বাসস্ট্যান্ড এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
নিহতরা হলেন- কালিহাতী উপজেলার গোহালিয়া বাড়ি গ্রামের আমজাদ আলীর ছেলে ভ্যান চালক মোহাম্মদ আমির আলী ও একই এলাকার আব্দুল মান্নানের ছেলে শরীফ উদ্দিন।
পুলিশ ও স্থানীয়রা জানায়, ঢাকা থেকে উত্তরবঙ্গগামী একটি প্রাইভেটকার জোকারচর এলাকায় পৌঁছালে রাস্তা পারাপারের সময় একটি ব্যাটারি চালিত অটোভ্যানকে সজোরে ধাক্কা দেয়। এতে ভ্যানচালক ও এক যাত্রী সড়কে ছিটকে পড়ে গুরুতর আহত হন। পরে স্থানীয়রা দ্রুত তাদের উদ্ধার করে টাঙ্গাইল জেনারেল হাসপাতালে নিয়ে যান। সেখানে কর্তব্যরত চিকিৎসক শরীফ উদ্দিনকে মৃত ঘোষণা করেন। পরে উন্নত চিকিৎসার জন্য আমির আলীকে ঢাকায় নেওয়ার পথে তিনিও মারা যান।
যমুনা সেতু পূর্ব থানার এসআই শরিফুল ইসলাম বলেন, পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।

