ঢাকা
১৬ই এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ
রাত ৮:৫৫
প্রকাশিত : এপ্রিল ১৬, ২০২৬
আপডেট: এপ্রিল ১৬, ২০২৬
প্রকাশিত : এপ্রিল ১৬, ২০২৬

মতবিনিময় সভায় ডিসির বক্তব্য ভিডিও করতে নিষেধ করায় সভা বয়কট করলেন সাংবাদিকরা

তেতুলিয়া (পঞ্চগড়) প্রতিনিধি: পঞ্চগড়ের তেঁতুলিয়া উপজেলায় নবাগত জেলা প্রশাসক (ডিসি) শুকরিয়া পারভীনের বক্তব্য ভিডিও ধারণ করতে নিষেধ করায় মতবিনিময় সভা বয়কট করেছেন স্থানীয় গণমাধ্যমকর্মীরা।

বৃহস্পতিবার (১৬ এপ্রিল) বিকেলে তেঁতুলিয়া উপজেলা পরিষদ হলরুমে আয়োজিত এক মতবিনিময় সভায় এই অনাকাঙ্ক্ষিত ঘটনা ঘটে।

জানা গেছে, তেঁতুলিয়া উপজেলা প্রশাসনের উদ্যোগে স্থানীয় সরকারি কর্মকর্তা ও সুধীজনদের সঙ্গে নবাগত জেলা প্রশাসক শুকরিয়া পারভীনের এক মতবিনিময় সভার আয়োজন করা হয়। সভায় পরিচিতি পর্ব শেষে জেলা প্রশাসক বক্তব্য প্রদান শুরু করলে উপস্থিত সাংবাদিকরা পেশাগত দায়িত্ব পালনের অংশ হিসেবে তার বক্তব্য ভিডিও ধারণ করতে যান। এ সময় জেলা প্রশাসক সাংবাদিকদের ভিডিও ধারণে বাধা দিয়ে বলেন, আপনারা আমার ভিডিও করবেন না। আমি এমন কোনো গুরুত্বপূর্ণ ব্যক্তি হইনি যে আমার বক্তব্য ভিডিও করতে হবে। জেলা প্রশাসকের এমন আকস্মিক নিষেধাজ্ঞায় উপস্থিত সাংবাদিকরা হতভম্ব হয়ে পড়েন। তারা একে পেশাগত অবমাননা হিসেবে বিবেচনা করে তাৎক্ষণিকভাবে সভা বয়কট করে হলরুম ত্যাগ করেন।

সাংবাদিকদের অভিযোগ, সংবাদ সংগ্রহের স্বার্থে তারা ভিডিও ধারণ করতে গিয়েছিলেন, কিন্তু জেলা প্রশাসক তাদের দায়িত্ব পালনে বাধা দিয়ে অপমানজনক আচরণ করেছেন।

এ বিষয়ে মতবিনিময় সভায় আমন্ত্রিত গণমাধ্যমকর্মীরা ক্ষোভ প্রকাশ করে বলেন, “সাংবাদিকদের কাজই হলো তথ্যের প্রয়োজনে ছবি ও ভিডিও ধারণ করা। নবাগত জেলা প্রশাসক যেভাবে আমাদের ভিডিও ধারণ করতে নিষেধ করেছেন, তা আমাদের পেশাদারিত্বের ওপর আঘাত। জেলায় এর আগে কোনো জেলা প্রশাসকের কাছ থেকে এমন আচরণ আমরা দেখিনি।”

ঘটনার পর স্থানীয় সাংবাদিকদের মাঝে তীব্র অসন্তোষ, ক্ষোভ বিরাজ করছে। তারা মনে করছেন, একজন উচ্চপদস্থ কর্মকর্তার এমন আচরণ মুক্ত গণমাধ্যমের জন্য উদ্বেগজনক ও অন্তরায়।

বিষয়টি পঞ্চগড় প্রেসক্লাবের সভাপতি মোশাররফ হোসেনের কাছে জানালে তিনি বলেন, “বিষয়টি জানলাম। বিষয়টি নিয়ে আলোচনা হবে।”

উল্লেখ্য, গত ১৫ মার্চ জনপ্রশাসন মন্ত্রণালয়ের মাঠ প্রশাসন-২ শাখার উপসচিব আমিনুল ইসলাম স্বাক্ষরিত চিঠি অনুযায়ী শুকরিয়া পারভীন পঞ্চগড়ের জেলা প্রশাসক হিসেবে যোগদান করেন।

সর্বশেষ
প্রকাশকঃ অধ্যাপক ড. জোবায়ের আলম
সম্পাদকঃ এডভোকেট মো: গোলাম সরোয়ার
কার্যালয় : বিটিটিসি বিল্ডিং (লেভেল:০৩), ২৭০/বি, তেজগাঁও (আই/এ), ঢাকা-১২০৮, মোবাইল: +88 02-226603507, +88 02-226603508, +880 1736 786915, +880 1300 126 624, ইমেইল: online.bdsangbad@gmail.com (online)
news@bd-sangbad.com, ads@bd-sangbad.com
বাংলাদেশ সংবাদ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত।  অনুমতি ছাড়া এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি ও বিষয়বস্তু অন্য কোথাও প্রকাশ করা বে-আইনী।
Copyright © 2026 The Bangladesh Today. All Rights Reserved.
Host by
linkedin facebook pinterest youtube rss twitter instagram facebook-blank rss-blank linkedin-blank pinterest youtube twitter instagram