

আড়াইহাজার (নারায়ণগঞ্জ) প্রতিনিধি: নারায়ণগঞ্জের আড়াইহাজারে ডাকাতির সময় এলাকাবাসীর গণপিটুনিতে এক ডাকাত নিহতের ঘটনা ঘটেছে। মঙ্গলবার দিবাগত গভীর রাতে উপজেলার বিশনন্দী ইউনিয়নের দড়ি বিশনন্দী (কাঁঠাল তলা) এলাকায় ঘটনাটি ঘটে। গণপিটুনিতে নিহত ডাকাত নবী হোসেন উচিৎপরা এলাকার রুপমিয়ার ছেলে বলে প্রাথমিকভাবে জানা গেছে।
স্থানীয়দের দেয়া তথ্যের সূত্র দিয়ে নারায়ণগঞ্জের অতিরিক্ত পুলিশ সুপার (অপরাধ) তারেক আল মেহেদী জানান, মঙ্গলবার দিবাগত গভীর রাতে আড়াইহাজারের বিশনন্দীর ইলিয়াস নামের এক ব্যক্তির বাড়িতে ১০/১২ জনের একটি ডাকাত দল দেশীয় অস্ত্রশস্ত্র নিয়ে প্রবেশ করে। এ সময় বাড়ির সদস্যরা বিষয়টি টের পেয়ে ডাক-চিৎকার করলে ডাকাতরা তাদের ওপর হামলা চালায়। এতে ইলিয়াসের স্ত্রী কুলসুম (৩৮), ছেলে নাঈম, ভাই আবুল এবং প্রতিবেশী ফারুক আহত হন। এর মধ্যে কুলসুম গুরুতর জখম হন।
ডাকাতির খবর ছড়িয়ে পড়লে স্থানীয়রা মসজিদের মাইকে ঘোষণা দিয়ে আশপাশের লোকজনকে জড়ো করে ডাকাতদের ঘিরে ফেলে। এক পর্যায়ে উত্তেজিত জনতা নবী হোসেন নামে এক ডাকাতকে গণপিটুনি দিলে সে ঘটনাস্থলেই নিহত হয়। এ সময় তার সহযোগীরা পালিয়ে যায়।
পরে আহতদের উদ্ধার করে আড়াইহাজার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়। খবর পেয়ে আড়াইহাজার থানা পুলিশ ঘটনাস্থলে পৌঁছে নিহত ডাকাতের লাশের সুরতহাল প্রতিবেদন তৈরি করে ময়নাতদন্তের জন্য নারায়ণগঞ্জ ভিক্টোরিয়া হাসপাতালের মর্গে প্রেরণ করেছে।
আড়াইহাজার থানার ওসি খন্দকার নাসির উদ্দিন জানান, এ ঘটনায় পরবর্তী আইনি প্রক্রিয়া চলমান রয়েছে। অন্যান্য ডাকাতদের গ্রেফতার করার অভিযান অব্যাহত রয়েছে।

