

মোঃ হারুন অর রশিদ, ডেমরা প্রতিনিধি: ডেমরায় কারাবন্দী ছেলেকে জামিনে বের করার কথা বলে ৪০ বছর বয়সী এক নারীকে ধর্ষণের অভিযোগে গ্রেপ্তার সাজ্জাদকে সোমবার বিকেলে কারাগারে পাঠানোর নির্দেশ দিয়েছেন আদালত। রোববার দিবাগত রাতে গোপন সংবাদের ভিত্তিতে ডেমরা থানা এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়।
এর আগে, ওই রাতেই ভুক্তভোগী নারী অভিযুক্ত সাজ্জাদের বিরুদ্ধে ডেমরা থানায় মামলা করেন। সাজ্জাদ কুমিল্লার তিতাস থানার দক্ষিণ নারান্দিয়া গ্রামের শাহ জালালের ছেলে। এদিকে ধর্ষিত ওই নারীকে ঢাকা মেডিকেল কলেজের ওয়ান স্টপ ক্রাইসিস সেন্টারে পাঠায় পুলিশ।
বিষয়টি নিশ্চিত করে ডেমরা থানার ওসি মো. মাহমুদুর রহমান বলেন, মাতুয়াইল মেডিকেল মা ও শিশু হাসপাতালের একজন কর্মচারী ভুক্তভোগী ওই নারী। সাজ্জাদ সম্পর্কে তার বোনের শ্বশুরবাড়ির আত্মীয়। এদিকে ওই নারীর ছেলে একটি মামলায় কারাগারে থাকায় লম্পট সাজ্জাদ তাকে জেল থেকে ছাড়িয়ে আনার আশ্বাস দেন। এজন্য পাঁচ লক্ষ টাকাও দাবি করে প্রায়ই ভুক্তভোগীর সঙ্গে যোগাযোগ করতেন। এদিকে মেয়ে ও পুত্রবধূ বাসায় না থাকায় গত রবিবার (২৮ সেপ্টেম্বর) বিকালে মুসলিম নগরের ভাড়া বাসায় এসে সাজ্জাদ এই নারীকে ধর্ষণ করেন। তবে ধর্ষণের পর সাজ্জাদ বাসা থেকে চলে যাওয়ার সময় আলামত ঘরের এক কোণে ফেলে যায়।

