

জাবেদ হোসাইন মামুন, সোনাগাজী (ফেনী) প্রতিনিধি: ফেনীর সোনাগাজীতে খেলার মাঠে টিকটক নিয়ে পূর্ব শত্রুতার জেরে শিক্ষার্থীদের মধ্যে সংঘর্ষে কমপক্ষে ১০জন আহত হয়েছে। মঙ্গলবার দুপুর একটার দিকে সোনাগাজী মোহাম্মদ ছাবের মডেল সরকারি পাইলট উচ্চ বিদ্যালয় মাঠে এ ঘটনা ঘটে।
আহতরা হলেন- সোনাগাজী মোহাম্মদ ছাবের মডেল সরকারি পাইলট উচ্চ বিদ্যালয়ের শিক্ষার্থী সাজ্জাদ হোসেন নিলয়, সজিব, আরএমহাট কে উচ্চ বিদ্যালয়ের শিক্ষার্থী সৌরভ হোসেন, জুনায়েদ হোসেন, জাহিদুল ইসলাম, নাহিদুল ইসলাম, ইমন, মারুফ হোসেন এবং ওই বিদ্যালয়ের চতুর্থ শ্রেণির কর্মচারী মো. সাগর। আহতদেরকে সোনাগাজী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা দেওয়া হয়েছে।
পুলিশ, শিক্ষক ও শিক্ষার্থীরা জানায়, সোনাগাজী মোহাম্মদ ছাবের মডেল সরকারি পাইলট উচ্চ বিদ্যালয় মাঠে আন্ত:স্কুল-মাদরাসা গ্রীষ্মকালীন বার্ষিক ক্রিড়া প্রতিযোগিতায় অংশ হিসেবে বখতারমুন্সি মোয়াজ্জেম হোসেন উচ্চ বিদ্যালয় ও মতিগঞ্জ আরএমহাট কে উচ্চ বিদ্যালয়ের ফুটবল খেলা অনুষ্ঠিত হয়। খেলায় ট্রাইব্রেকারে আরএমহাট কে উচ্চ বিদ্যালয়ে এক শূন্য গোলে জয়লাভ করে। আরএমহাট হাইস্কুলের শিক্ষার্থীরা বিজয় উৎসব করার সময় টিকটক ভিডিওতে কমেন্ট (মন্তব্য) করা নিয়ে পূর্ব শত্রুতার জের ধরে আরএমহাট কে উচ্চ বিদ্যালয় ও সোনাগাজী মোহাম্মদ ছাবের মডেল সরকারি পাইলট উচ্চ বিদ্যালয়ের শিক্ষার্থীদের মধ্যে সংঘর্ষ বেঁধে যায়। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি শান্ত করে।
সোনাগাজী মোহাম্মদ ছাবের মডেল সরকারি পাইলট উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক জয়নুল আবেদীন বলেন, শুনেছি টিকটকে কমেন্টস করার জেরে দুটি বিদ্যালয়ের শিক্ষার্থীদের মধ্যে সংঘর্ষ হয়েছে। খেলা নিয়ে কোন অপ্রীতিকর ঘটনা ঘটেনি।
সোনাগাজী মডেল থানার ওসি মো সাইফুল ইসলাম ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, সংঘর্ষে আহতদেরকে পুলিশের গাড়িতে উদ্ধার করে সোনাগাজী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে প্রাথমিক চিকিৎসা শেষে তাদের বাড়িতে পাঠানো হয়েছে। এ ঘটনায় কেউ মামলা করতে চাইলে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।

