

মানিকগঞ্জ প্রতিনিধি: পার্শ্ববর্তী একটি দেশের পানি বৈষম্যের কারণে আমাদের নদীগুলো শুকিয়ে যাচ্ছে। আমরা ঠিকমতো পানি পাচ্ছি না। তিস্তা এখন মরুভূমি হয়ে গেছে। এর জন্য তিস্তা মহাপরিকল্পনা এবং পদ্মা মহাপরিকল্পনা বাস্তবায়নের পরিকল্পনা গ্রহণ করেছে সরকার- এমন মন্তব্য করেছেন দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রী আসাদুল হাবিব দুলু।
বুধবার (২৪ জুন) দুপুরে শিবালয় উপজেলার কাসাদহ খালের কার্যক্রম পরিদর্শনকালে তিনি এসব কথা বলেন।
মন্ত্রী আরও বলেন, নির্বাচনের আগে প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছিলেন, আমরা যদি জনগনের মেন্টেড পাই তাহলে ৫ বছরে বিশ হাজার কিলোমিটার খাল খনন করা হবে। প্রধানমন্ত্রীর এক ভাবনায় আমাদের মন্ত্রনালয়ের মাধ্যমে এবছর ১৫শ মিটার খাল খনন করবো, ৫ বছরে সাড়ে সাত হাজার খাল খনন করবো।
তিনি বলেন, বাংলাদেশ নদীমাতৃক দেশ। নদীগুলো অবহেলায় অযত্নে অবজ্ঞার কারণে নদীগুলো খালে পরিণত হয়েছে। সেগুলাকে পুনঃখননের মহাপরিকল্পনা রয়েছে। আগাম বৃষ্টির কারণে খাল খননের কাজ কিছুটা বাঁধাগ্রস্থ হচ্ছে। আগামী শুকনো মৌসুমে অসম্পূর্ণ কাজগুলো সম্পন্ন করা হবে।
খাল খননে দুর্নীতির প্রসঙ্গ উল্লেখ করে মন্ত্রী বলেন, বিগত ১৭ বছর বাংলাদেশ দুর্নীতিতে নিমজ্জিত ছিল। এই দুর্নীতি একদিনে পরিষ্কার করা সম্ভব হবে না। তবে খাল খননে সুনির্দিষ্ট অভিযোগ পেলে জড়িতদের বিরুদ্ধে অবশ্যই ব্যবস্থা নেওয়া হবে।
এসময় মানিকগঞ্জ-৩ আসনের সংসদ সদস্য এবং বেসামরিক বিমান পরিবহন ও পযর্টন মন্ত্রী আফরোজা খানম রিতা, মানিকগঞ্জ-১ আসনের সংসদ সদস্য এস.এ জিন্নাহ কবীর, জেলা জেলা প্রশাসক নাজমুন আরা সুলতানা, জেলা পরিষদের প্রশাসক জামিলুর রশিদ খানসহ স্থানীয় বিএনপি নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
পরে দৌলতপুর ও সাটুরিয়া উপজেলায় আরো কয়েকটি খাল এবং নদী খনন কার্যক্রম পরির্দশন করেন দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রী আসাদুল হাবিব দুলু।

