

পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে টানা সাত দিনের সরকারি ছুটি শেষে আজ মঙ্গলবার (২৪ মার্চ) থেকে ব্যাংক-বীমা, অফিস-আদালতে ফের কার্যক্রম ও গ্রাহক সেবা শুরু হচ্ছে। এদিন সকাল ৯টায় শুরু হয়ে অফিস-আদালত চলবে বিকেল ৫টা পর্যন্ত।
এরইমধ্যে ঈদ শেষে গ্রামের বাড়ি থেকে অসংখ্য কর্মজীবী মানুষ রাজধানীতে ফিরছেন। ছুটি দীর্ঘ হওয়ায় সরকারি কর্মকর্তা-কর্মচারীদের বেশিরভাগই আজকের মধ্যে ঢাকায় পৌঁছাতে শুরু করেছেন। এ জন্য ট্রেন, বাস ও লঞ্চ টার্মিনালগুলোতে কর্মজীবী মানুষের উপচে পড়া ভিড় লক্ষ্য করা গেছে।
গত ২১ মার্চ (শনিবার) সারাদেশে যথাযথ ধর্মীয় ভাবগাম্ভীর্যের মধ্য দিয়ে উদযাপিত হয় মুসলিম উম্মাহর অন্যতম বড় উৎসব ঈদুল ফিতর। এ উপলক্ষে ১৭ থেকে ২৩ মার্চ পর্যন্ত মোট সাত দিন সাধারণ ছুটি ঘোষণা করা হয়েছিল।
তবে ঈদের পর অফিস খোলার মাত্র এক দিন পরে আবারও ছুটি পাচ্ছেন চাকরিজীবীরা। আগামী বৃহস্পতিবার (২৬ মার্চ) স্বাধীনতা দিবসের ছুটি রয়েছে।
এরপরের দুদিন যথাক্রমে শুক্র-শনিবার সাপ্তাহিক ছুটি। ফলে অফিস খোলার পরের দিনই আবারও তিন দিনের ছুটি পেতে যাচ্ছেন চাকরিজীবীরা।
এদিকে, পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে সংবাদপত্রে কর্মরত সাংবাদিক, কর্মকর্তা ও কর্মচারীদের টানা পাঁচ দিনের ছুটি শেষ হয়েছে সোমবার। সংবাদপত্রের মালিকদের সংগঠন নিউজপেপার্স ওনার্স অ্যাসোসিয়েশন অব বাংলাদেশের (নোয়াব) ঈদুল ফিতর উপলক্ষে গত ১৯ থেকে ২৩ মার্চ পর্যন্ত টানা ছুটি ঘোষণা করে।

